হোম > খেলা > ফুটবল

মরক্কো ম্যাচে নেই নেইমার!

হেক্সা মিশনে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ শিরোপা) জয়ের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের লড়াই গড়ানোর আগে সেলেসাও শিবিরে নেমে এসেছে চরম দুঃসংবাদ। প্রথম ম্যাচ তো বটেই, বিশ্বকাপের শুরুর দিকে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের খেলা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা।
ফরাসি জনপ্রিয় ফুটবল সংবাদমাধ্যম ফুটমেরকাতো এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়াটি আগের চেয়ে আরো বেশি জটিল হয়ে পড়েছে। ফলে ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড এখনো দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি।
গত ১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোসের হয়ে খেলার সময় এই চোট পান নেইমার। পরবর্তী সময়ে ব্রাজিলের জাতীয় দলের মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছিল, তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।
বর্তমানে বিশ্বকাপের দলটি নিউ জার্সিতে নিবিড় অনুশীলন করলেও নেইমার এখনো মূল দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তাকে একা একা জিম এবং সাইক্লিং করে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই করতে হচ্ছে। ফুটমেরকাতোর রিপোর্ট অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর অনেক আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে কোচ কার্লো আনচেলত্তি এবার নেইমারকে বিশ্বকাপের দলে ডেকেছিলেন। নেইমার নিজেও তার এই চতুর্থ বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিয়ে বেশ আবেগী বার্তা দিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তার এই ইনজুরি কোচের কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করছে।
প্রথম ম্যাচে নেইমারকে না পাওয়া গেলেও ব্রাজিল ভক্তদের জন্য কিছুটা আশার বাণী শুনিয়েছে দলের মেডিকেল টিম। একটি সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচ মিস করলেও গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোয় তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
হেক্সা জয়ের মিশন শুরুর ঠিক আগমুহূর্তে দলের সেরা তারকার এই অনুপস্থিতি নিঃসন্দেহে ব্রাজিলের জন্য বড় একটি ধাক্কা। এখন দেখার বিষয়, নেইমারকে ছাড়া কোচ কার্লো আনচেলত্তি মরক্কোর বিপক্ষে কেমন রণকৌশল সাজান।

এবারের বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

দুই যুগ পরে মরিনহো ফের রিয়াল মাদ্রিদে

অখ্যাত দেশের ‘বিখ্যাত’ তারকারা

ফিফার আপত্তিতে জার্সি বদলাল হাইতি

আমরা বিশ্বের রাজা নই, বলছেন ইনফান্তিনো

খেলোয়াড় সরবরাহে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্ব চ্যাম্পিয়ন

বিশ্বকাপে কবে, কার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

‘সবকিছু ফিফার নিয়ন্ত্রণে নয়’, সোমালি রেফারি বিতর্কে ইনফান্তিনো

রোনালদোর ব্যর্থতার রাতেও জয়ের ছন্দে পর্তুগাল

বেলিংহাম-গর্ডনের নৈপুণ্যে আত্মবিশ্বাসী জয় ইংল্যান্ডের