ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ২০২৪ সালে ফিফা থেকে নির্ধারিত বেতন-ভাতার বাইরে ২০২৬ বিশ্বকাপ আয়োজক প্রতিষ্ঠান ‘এফডব্লিউসি-২০২৬’ থেকে তিনি গোপনে ১৭ লাখ ২০ হাজার ডলার গ্রহণ করেছেন বলে তথ্য প্রকাশ পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস) ও দ্য টাইমস-এর নথিতে জানা যায়, ২০২৪ সালে ফিফা ও বিশ্বকাপ আয়োজক প্রতিষ্ঠান মিলিয়ে ইনফান্তিনোর আয় ছিল প্রায় ৬৫ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ৮০ কোটি টাকা)। তবে ফিফার বার্ষিক আর্থিক প্রতিবেদনে অতিরিক্ত ২১ কোটি টাকার কোনো উল্লেখ ছিল না।
ফিফার ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ কর্মকর্তাদের সব আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক। বিশেষজ্ঞরা এটিকে নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বললেও ফিফা তা অস্বীকার করেছে। এর আগেও বিশ্বকাপের মালিকানা বিক্রি ও ডোনাল্ড ট্রাম্পের চাপে ফুটবলারের শাস্তি স্থগিতের অভিযোগে সমালোচিত হয়েছিলেন ইনফান্তিনো।