ভারতের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল পাকিস্তান। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। সেই কঠিন সমীকরণে দারুণভাবেই উতরে গেছে দলটি। জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
‘এ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। জোড়া গোল করেছেন নাজিব উল্লাহ, অন্য গোলটি আবদুল্লাহর।
ম্যাচের দ্বিতীয় মিনিটে মিকাইল অরুণ আব্দুল্লাহকে নিজেদের ডি-বক্সে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে চতুর্থ মিনিটে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল্লাহ। পাঁচ মিনিট পর বক্সের কিনারা থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব। ২৪ মিনিটে মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই তরুণ ফরোয়ার্ড।
বিরতির পর তিনটি পরিবর্তন এনেও ম্যাচে ফিরতে পারেনি মালদ্বীপ। ৬৬ মিনিটে নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।
ভারতের বিপক্ষে ২-৩ গোলে হেরে আসর শুরু করা পাকিস্তানের এই জয়ে সেমিফাইনালের সমীকরণও অনেকটাই পরিষ্কার হয়েছে। আগামী ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে ড্র করলেই পাকিস্তানের সঙ্গী হবে ভারত। তবে মালদ্বীপ তিন গোলের ব্যবধানে জিতলে তারাও শেষ চারে উঠতে পারে; সে ক্ষেত্রে বাদ পড়বে ভারত।