মৌরিতানিয়ার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে তাকে নির্বাচিত করা হয়। বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা এবং জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
৬৬ বছর বয়সি ইসমাইল উলদ শেখ আহমেদ ওআইসির বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২১ সালের শেষ দিক থেকে মহাসচিবের দায়িত্ব পালন করা তাহার মেয়াদ আনুষ্ঠানিকভাবে আগামী নভেম্বরে শেষ হবে।
ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি লিবিয়ায় জাতিসংঘ সহায়তা মিশনেও কাজ করেছেন।
২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইয়েমেনে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ছিলেন। এর আগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সিরিয়ায়ও একই ধরনের দায়িত্ব পালন করেন।
ইসমাইল উলদ শেখ আহমেদ আরবি ভাষার পাশাপাশি ফরাসি ও ইংরেজিতেও কথা বলতে পারেন।
মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করে ওআইসি। এর মধ্যে ফিলিস্তিনের জাতীয় অধিকার ও জেরুজালেমের মর্যাদা অন্যতম প্রধান বিষয়।
সূত্র: আনাদোলু
আরএ