যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে লোহিত সাগরে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে সম্মত হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা । বিনিময়ে ওয়াশিংটন সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকবে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন কর্মকর্তারা ইয়েমেনের হুথি প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।
এই বৈঠকের পরেই ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের অগ্রযাত্রা রুখতে সৌদি আরবকে সামরিক সহায়তা করবে না বলে সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
বিনিময়ে হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা না চালানোর এবং ২০২৫ সালের যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। একজন ইয়েমেনি সূত্রের দাবি, সৌদি আরবের মালিকানাধীন জাহাজ ছাড়া ইসরাইলি বা বাণিজ্যিক জাহাজেও হামলা না করার কথা জানিয়েছে তারা।
বৈঠকে হুথিদের পক্ষে জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আবদুস সালাম ও আবদেলমালিক আল-আজিরি উপস্থিত ছিলেন বলে সূত্রগুলো জানিয়েছে। তবে বৈঠকের বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর ।
এর আগে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা চায় সৌদি আরব। তবে যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান/রয়টার্স
আরএ