বাইবেলের বর্ণনা অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইসরাইলের অধিকার আছে বলে দাবি করেছেন তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। আরব, বিভিন্ন মুসলিম দেশ এবং ওআইসি ও আরব লীগের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে তার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এই বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি ইসলামী সহযোগিতা সংস্থা, আরব লীগ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ স্বাক্ষর করেছে।
বিবৃতিতে বলা হয়, এই মন্তব্য জাতিসংঘের সনদ এবং গাজা যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে ক্ষুণ্ন করে। ইসরাইলের সম্প্রসারণবাদী নীতিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে বলে অভিযোগ করেছে ইরান।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে ‘চরমপন্থি বক্তব্য’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে তাদের অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। অন্যদিকে জর্ডান বলছে, হাকাবির বক্তব্য ‘এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্বের ওপর আক্রমণ’।
কুয়েত এই বক্তব্যকে ‘আন্তর্জাতিক আইনের নীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। অন্যদিকে ওমান জানায়, হাকাবির মন্তব্য ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনার জন্য হুমকিস্বরূপ’।
অন্যদিকে, মিশর এই বক্তব্যকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়ে জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড বা অন্য কোনো আরব ভূমির ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই। আরব লীগ সতর্ক করে বলেছে, এ ধরনের ভিত্তিহীন মন্তব্য কেবল মানুষের ধর্মীয় ও জাতীয় আবেগকেই উসকে দেবে।
উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, ইসরাইল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয়, তাহলে তার কোনো আপত্তি নেই। কারণ হিসেবে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত ভূমি দখল করতে ইসরাইলকে অধিকার দিয়েছে বাইবেল। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ।
আরএ