হোম > বিশ্ব

ইউক্রেনকে আরো ৮৫ হাজার কোটি টাকার সামরিক সহায়তা দিচ্ছে ইইউ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইউক্রেনকে আরো ৬ দশমিক ১ বিলিয়ন ইউরো বা প্রায় ৭ দশমিক ১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে ইউরোপীয় কমিশন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৫ হাজার কোটি টাকা। খবর আনাদোলু এজেন্সির।

শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। তিনি বলেন, ইউক্রেনের জন্য অনুমোদিত অর্থ দিয়ে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনা যাবে।

ভন ডার লিয়েন বলেন, নতুন অর্থায়নের ফলে ইউক্রেন প্রয়োজনীয় প্যাট্রিয়ট প্রতিরক্ষা সরঞ্জাম ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র কিনতে পারবে। এর মাধ্যমে রাশিয়ার নির্বিচার হামলা থেকে ইউক্রেনের আকাশসীমা সুরক্ষার সক্ষমতা আরও বাড়বে বলে জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০২৬-২৭ সালের জন্য নির্ধারিত ৯০ বিলিয়ন ইউরোর ইউক্রেন সহায়তা ঋণ কর্মসূচির আওতায় এ অর্থ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৬০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা এবং বাকি ৩০ বিলিয়ন ইউরো ইউক্রেনের বাজেট সহায়তার জন্য বরাদ্দ রয়েছে।

শুক্রবারের সিদ্ধান্তের মাধ্যমে ২০২৬ সালে ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তার জন্য বরাদ্দ ২৮ দশমিক ৩ বিলিয়ন ইউরো পুরোপুরি নির্ধারিত হলো। এ অর্থে কী সরঞ্জাম, কোন সরবরাহকারীর কাছ থেকে কত পরিমাণে কেনা হবে এবং তা বাস্তবায়নের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এরই মধ্যে ইউক্রেনকে ৮ দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা সহায়তা দিয়েছে ইইউ।

এদিকে ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নতুন একটি প্রতিরক্ষা শিল্প উদ্যোগের প্রথম পরিচালনা পর্ষদের বৈঠকও করেছে। যৌথভাবে ড্রোন ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইইউর প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিয়ুস বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপের ড্রোন সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ড্রোন প্রযুক্তি ও উৎপাদনের পাশাপাশি দ্রুত উৎপাদন বাড়ানোর কৌশল সম্পর্কেও ইউরোপকে ইউক্রেনের কাছ থেকে শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

কুবিলিয়ুস জানান, বর্তমানে ইউরোপে বছরে প্রায় ১৫ লাখ ড্রোন উৎপাদিত হয়। বিপরীতে ইউক্রেন ও রাশিয়া প্রত্যেকে বছরে প্রায় ১ কোটি ড্রোন উৎপাদন করছে। কোনো সংকট বা যুদ্ধের পরিস্থিতিতে ইউরোপকে বছরে ১ কোটি বা তার বেশি ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নতুন উদ্যোগের পরিচালনা পর্ষদে ইইউর নয়টি সদস্যদেশের প্রতিনিধি এবং ইউক্রেনের নয়টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। প্রায় ৪০০টি আবেদনের মধ্য থেকে এসব প্রতিষ্ঠান ও প্রতিনিধিকে বাছাই করা হয়েছে।

যৌথ উদ্যোগের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ও ইউক্রেনীয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগ বাড়ানো, সরবরাহব্যবস্থা সুরক্ষিত করা, পরীক্ষার সক্ষমতা বাড়ানো এবং গবেষণা, উন্নয়ন ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রক্রিয়া দ্রুত করা।

কুবিলিয়ুস বলেন, উদ্যোগটি যেন শুধু আলোচনা ও পরামর্শের প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতে হবে। চলতি বছরের শেষ নাগাদ এর প্রথম বাস্তব ফলাফল পাওয়ার আশা করা হচ্ছে।

এমএমআর

এআই দিয়ে মুসলিম ব্রাদারহুড ও সুদানকে টার্গেট, আমিরাতের বিরুদ্ধে অভিযোগ

সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতি ও ইরানের সঙ্গে সম্পর্ক—উভয় সংকটে পাকিস্তান

সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফর, কমবে কি দিল্লি-বেইজিংয়ের বৈরিতা?

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

এক হাজার টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের দাবি ইসরাইলের

বাব-এল-মান্দেবে নৌ চলাচল ‘নিরাপদ ও সুশৃঙ্খল’: হুথি

সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের সহায়তা, এরদোয়ানের প্রশংসায় সোমালিয়ার প্রেসিডেন্ট

হরমুজের বিকল্প বাব-এল-মান্দেবের নিয়ন্ত্রণে হুথিরা

নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান হিলারির

ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক