যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার ৬৬ বছর বয়সে মারা যান তিনি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দারচিয়েভ ‘আকস্মিকভাবে মারা গেছেন’। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার দেড় বছরও পূর্ণ হয়নি তার। গত বছরের মার্চে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
বিবৃতিতে দারচিয়েভকে একজন ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় আরো বলেছে, রাশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি কাজ করেছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার কিছুদিন পর দারচিয়েভকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর কয়েক বছর পেরিয়ে গেছে। ২০২২ সালে ইউক্রেনে অভিযান শুরুর সময় দারচিয়েভ একে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে মন্তব্য করেছিলেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী, দারচিয়েভের জন্ম একটি কূটনীতিক পরিবারে। তার বাবা নিকিতা ইভানোভিচ দারচিয়েভ হাঙ্গেরিতে রাশিয়ার দূতাবাসে মন্ত্রী-কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
১৯৯২ সালে কূটনৈতিক চাকরিতে যোগ দেন দারচিয়েভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রথম সচিব ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাসে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দারচিয়েভ। পরে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত একই দূতাবাসে মন্ত্রী-কাউন্সেলর ছিলেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
২০১০ সালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক হিসেবে ফিরে আসেন দারচিয়েভ। গত বছর পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
এএম