হোম > বিশ্ব

আমি মুসলিম নই, তবু খেলাফত ফিরে আসুক চাই: রাব্বি হাইম সোফার

আমার দেশ অনলাইন

ইহুদি ধর্মীয় নেতা রাব্বি হাইম সোফার। ছবি-সংগৃহীত

‘আমি মুসলিম নই। কিন্তু আমি চাই, খেলাফত আবার ফিরে আসুক।’—এমন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন ইহুদি ধর্মীয় নেতা রাব্বি হাইম সোফার। তার মতে, মুসলিম শাসনামলে ইহুদি ও মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার নজির ছিল। বিশেষ করে বাগদাদে নিজের পরিবারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, মুসলিম প্রতিবেশীরা ইহুদিদের ধর্মীয় উৎসবেও পাশে দাঁড়াতেন।

হাইম সোফার একজন অর্থোডক্স ইহুদি রাব্বি। তিনি ইহুদিবাদী জাতীয়তাবাদ বা জায়নবাদের কড়া সমালোচক এবং ফিলিস্তিনপন্থি হিসেবে পরিচিত। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ইসলাম২১সি তার বক্তব্য ও অভিজ্ঞতা নিয়ে ‘রাব্বি গিভস অ্যান ইসলামিক হিস্ট্রি লেসন’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে। এর আগে ন্যারেটিভ হাউসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত তার একটি ভিডিও নিয়েও প্রতিবেদন প্রকাশ করে লিডার্স মেনা।

উৎসবে ভেড়া উপহার দিতেন মুসলিম প্রতিবেশীরা

নিজের পারিবারিক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সোফার বলেন, তাদের পরিবার ছিল বাগদাদের ইহুদি পরিবার। মুসলিম প্রতিবেশীদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল আন্তরিক। ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব পাসওভার বা পেসাখ উপলক্ষে প্রতিবেশী মুসলমানেরা তাদের জন্য একটি ভেড়া নিয়ে আসতেন।

পাসওভার ইহুদিদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মিসর থেকে ইসরাইলিদের মুক্তি পাওয়ার স্মরণে এই উৎসব পালন করা হয়। উৎসবটি ঘিরে বিশেষ খাবার ও পারিবারিক আয়োজন থাকে। সোফারের ভাষ্য অনুযায়ী, উৎসবের ব্যয় অনেক বেশি হলেও মুসলিম প্রতিবেশীরা নিজেদের উদ্যোগে তাদের পরিবারের জন্য উপহার নিয়ে আসতেন। শুধু ভেড়াই নয়, বিভিন্ন শাকসবজি ও খাদ্যসামগ্রীও তারা দিতেন।

লিডার্স মেনার প্রতিবেদনে সোফারের এই স্মৃতির উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়, তার মুসলিম প্রতিবেশীরা পাসওভার উপলক্ষে ভেড়ার পাশাপাশি আলু, খেজুর, শসা ও টমেটোও উপহার দিতেন।

দরিদ্রদের জিজিয়া মওকুফ

সোফারের বক্তব্যে খেলাফত আমলে জিজিয়া কর আদায়ের বিষয়টিও উঠে এসেছে। তার বর্ণনা অনুযায়ী, দরিদ্র ইহুদিদের কাছ থেকে কর আদায় করা হতো না; বরং যাদের সামর্থ্য ছিল না, তাদের ক্ষেত্রে কর মওকুফের পাশাপাশি কোনো কোনো সময় আর্থিক সহায়তাও দেওয়া হতো।

ইসলামি শাসনব্যবস্থায় জিজিয়া ছিল অমুসলিম প্রজাদের ওপর আরোপিত একধরনের কর। এর বিনিময়ে রাষ্ট্রের অধীনে তাদের জীবন ও সম্পদের সুরক্ষার বিধান ছিল। তবে জিজিয়া আদায়ের নিয়ম, পরিমাণ ও প্রয়োগ সব সময় এক রকম ছিল না।

খিলাফত আমলে ইহুদিদের জীবন কেমন ছিল?

সোফার মুসলিম শাসনামলে ইহুদিদের ধর্মীয় ও সামাজিক জীবন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার বক্তব্যের মূল কথা, মুসলিম শাসনের বিভিন্ন সময়ে ইহুদিরা ধর্মীয় পরিচয় বজায় রেখে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পেরেছিলেন।

বিশেষ করে আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদ ইহুদি ধর্মীয় শিক্ষা ও জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে সুরা ও পুম্বেদিতার শিক্ষাকেন্দ্রগুলোর সঙ্গে বাগদাদের সম্পর্ক ছিল গুরুত্বপূর্ণ। ইহুদি সম্প্রদায়ের নেতৃত্বও খলিফাদের দরবারের সঙ্গে যোগাযোগ রাখত। আব্বাসীয় আমলে বাগদাদের ইহুদি সম্প্রদায় বড় হয়ে ওঠে এবং শহরটি ইহুদি ধর্মীয় শিক্ষা ও পাণ্ডিত্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।

খিলাফতের পক্ষে অবস্থান কেন?

সোফার শুধু অতীতের স্মৃতিচারণ করেননি, মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্য নিয়েও নিজের মত প্রকাশ করেছেন। লিডার্স মেনার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মরক্কো থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত একটি ঐক্যবদ্ধ ইসলামি কর্তৃপক্ষ বা খিলাফত প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন। তার মতে, এমন একটি ব্যবস্থা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময়কার সাইকস-পিকো চুক্তিরও সমালোচনা করেছেন। তার মতে, ঔপনিবেশিক শক্তিগুলোর নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে অটোমান খিলাফতের অবসান এবং মধ্যপ্রাচ্যের বিভাজন মুসলিম বিশ্বের ঐক্যকে দুর্বল করেছে।

সোফার মুসলিম নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী গঠনের পক্ষেও মত দিয়েছেন, যাতে গাজায় ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা যায়। তার বক্তব্যে মুসলিম-ইহুদি সম্পর্কের ঐতিহাসিক বন্ধন পুনর্গঠনের আহ্বানও রয়েছে।

জায়নবাদের সমালোচক, নেটুরেই কার্তার সদস্য

হাইম সোফার যুক্তরাজ্যে বসবাসকারী একজন অর্থোডক্স রাব্বি এবং ইহুদিদের জায়নবাদ বিরোধী আন্দোলন নেটুরেই কার্তার সদস্য। ১৯৩৮ সালে জেরুজালেমে প্রতিষ্ঠিত এই আন্দোলন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জায়নবাদী ধারণার বিরোধিতা করে।

সোফারের বাবা-মা ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। জায়নবাদী সহিংসতার কারণে ১৯৫০-এর দশকের শুরুতে তাদের ফিলিস্তিনে চলে যেতে হয়েছিল। সোফারের জন্ম ফিলিস্তিনে। তবে লিডার্স মেনার প্রতিবেদনে তাকে ইরাকি বংশোদ্ভূত রাব্বি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আলজাজিরার ‘দেজা ভু’ অনুষ্ঠানের একটি পর্বেও হাইম সোফার অংশ নেন। ‘জিউস অ্যান্ড মুসলিমস লিভড টুগেদার ফর সেঞ্চুরিজ. ডিড জায়নিজম টিয়ার দেম অ্যাপার্ট?’ শিরোনামের ওই পর্বে তিনি ইহুদি পরিচয়, নির্বাসন, মুসলিম সমাজে ইহুদিদের ঐতিহাসিক জীবন এবং জায়নবাদবিরোধী নেটুরেই কার্তার অবস্থান নিয়ে আলোচনা করেন।

ইতিহাসের ইতিবাচক ও নেতিবাচক দিক

মুসলিম শাসনামলে ইহুদিদের জীবন নিয়ে সোফারের বক্তব্যে সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দিকগুলো গুরুত্ব পেয়েছে। জিজিয়া আদায়ের ক্ষেত্রে অঞ্চলভেদে পার্থক্য ছিল। তাই সোফারের বক্তব্যকে মুসলিম-ইহুদি সহাবস্থানের একটি ব্যক্তিগত ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা যায়। তার স্মৃতিতে উঠে এসেছে প্রতিবেশীদের আন্তরিকতা, ধর্মীয় উৎসবে সহযোগিতা এবং সামাজিক নিরাপত্তার অভিজ্ঞতা। একই সঙ্গে ঐতিহাসিক সূত্রগুলো মনে করিয়ে দেয়, বিভিন্ন যুগে শাসক ও নীতির পরিবর্তনের সঙ্গে সংখ্যালঘুদের অবস্থানও বদলেছে।

সূত্র: ইসলাম২১সি, লিডার্স মেনা, আলজাজিরা, এনসাইক্লোপিডিয়া ইরানিকা, ড. এলি আলশেখ এর গবেষণা ও জিউইশ ভার্চুয়াল লাইব্রেরি ইরাক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে ইউরোপের অংশগ্রহণ চায় জি-৭

রাজনীতিতে আসার অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন আল-সাইয়েদ

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে একাধিক বিস্ফোরণ

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

আল-সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোকÑদাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের

আল-সাইয়েদকে নিয়ে যা বললেন জন এফ কেনেডির নাতি

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আপিলের ৯০ শতাংশই মুসলিম

ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের

স্ত্রীর জন্য দোয়া করে কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন অশ্রুসিক্ত মাহাথির