হোম > বিশ্ব

কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৬৫

রয়টার্স

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বুধবার জানিয়েছেন, ভূমিকম্পে এ পর্যন্ত ২৬৫ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪৯৬ জন।

গত সোমবার স্থানীয় সময় সকালে কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলের চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। ভূমিকম্পের কম্পন পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। কালি, পেরেইরা, মানিজালেস ও কিবদোর মতো শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর ৭০টির বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে কয়েকটির মাত্রা ছিল ৪-এর বেশি। ভূমিকম্পের পর এ ধরনের পরাঘাত স্বাভাবিক হলেও এগুলো উদ্ধারকাজকে আরো কঠিন করে তুলছে।

ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে। কোথাও ভবনের একাংশ ধসে পড়েছে। কোথাও আবার পুরো ভবনই মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন।

ভূমিকম্পটি দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তাকে বড় এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা নিয়েছে।

সাংবাদিকদের দে লা এসপ্রিয়েলা বলেন, ‘আমাদের প্রচেষ্টার মূল লক্ষ্য এখন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা।’

সরকার দুর্গত এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা পাঠাচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক ও অন্যান্য অবকাঠামো সচল করার কাজও চলছে।

দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তাও আসছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মেক্সিকো ও এল সালভাদরও সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে।

এএম

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ