হোম > বিশ্ব

নাকবাকে ‘জাতিগত নিধন অপরাধ’ হিসেবে স্বীকৃতির আহ্বান ফিলিস্তিনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো সহিংসতা ও আগ্রাসনকে ‘জাতিগত নিধন অপরাধ’ হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। ইতিহাসে ‘নাকবা’ (বিপর্যয়) হিসেবে পরিচিত ওই ঘটনায় প্রায় ৭ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে ইসরাইল।

শুক্রবার নাকবা দিবস উপলক্ষে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের ওপর ওই ঘটনার প্রভাব চিহ্নিত করা প্রয়োজন। একই সঙ্গে ফিলিস্তিনিদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বিশ্ববাসীকে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং প্রলম্বিত ইসরাইলি দখলদারিত্বের অবসানে নিজ ভূখণ্ডে ফেরার অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় আগ্রাসন ও পশ্চিম তীরে সহিংসতার মাধ্যমে নাকবা অব্যাহত রেখেছে ইসরাইলি দখলদারেরা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শুধু মৌখিক সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এ ধরনের অপরাধ থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া।

এদিকে, ন্যায়বিচারের দাবি ও নিজ ভূমিতে প্রত্যাবর্তনের প্রত্যয়ে শুক্রবার নাকবা দিবস পালন করেন লাখ লাখ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর এটি তৃতীয় নাকবা দিবস। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী। গত বছরের ১০ অক্টোবর কাগজ-কলমে যুদ্ধবিরতি হলেও নিয়মিতভাবে স্থানীয় ফিলিস্তিনিদের লক্ষ্য করে আক্রমণ চালিয়ে আসছে ইসরাইল।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর গাজায় ইসরাইলি ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগের ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় দুজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে ৮৫৭ জন নিহত ও দুই হাজার ৪৮৬ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৭৭১ জনের লাশ। সব মিলিয়ে গাজায় দুই বছরের বেশি সময়ের আগ্রাসনে ৭২ হাজার ৭৪৪ জন নিহত এবং এক লাখ ৭২ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন।

গাজার পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। শুক্রবার ওয়াফার খবরে বলা হয়, রামাল্লার কাছাকাছি জিবিয়া গ্রামের এক মসজিদে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে ইসরাইলি দখলদাররা। এছাড়া গ্রামের বিভিন্ন বাড়িতে বর্ণবিদ্বেষী স্লোগান লেখে তারা। শুক্রবার জেরুসালেম থেকে ৯ ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি সেনারা।

এদিকে, আগের দিন বৃহস্পতিবার রাতে নাবলুসের কাছে আল-লুববান আশ-শারকিয়া গ্রামে ইসরাইলি বাহিনীর গুলিতে এক কিশোর নিহত হয়। ইসরাইলি সেনারা তার লাশ জব্দ করে নিয়ে যায়।

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

ইরানে ১১ টনের বোমা দিয়ে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মৃত্যু, আহত ২০

সাত দিনে ৫১ ধরনের উদ্ভিজ্জ খাবার খেলেন সাংবাদিক

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল করে দেশছাড়া করতে চায় ট্রাম্প প্রশাসন

সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলল পুলিশ

ভোট গণনার ভিডিও ফুটেজ পাচ্ছে না কমিশন, তিরস্কার সুপ্রিম কোর্টের

সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র রাখায় ব্রিটিশ সেনার কারাদণ্ড