মার্কিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার দৃশ্য দেখে ট্রাম্প প্রশাসন ‘অত্যন্ত উদ্বিগ্ন’।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, শুক্রবারের ঘটনা সম্পর্কে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক ব্রিফিং পাননি, তবে যা দেখেছেন তা মোটেই ভালো কিছু নয়।
তিনি ইসরায়েলকে এই সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরে কোনো ধরনের উত্তেজনা বা সংকট দেখতে চান না।
রুবিও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ট্রাম্প প্রশাসন ইসরাইলি কর্তৃপক্ষের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরবে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের এমন কিছুর প্রয়োজন নেই; ইসরাইলেরও এখন এমন কিছুর প্রয়োজন নেই।’
শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় যে দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর ফটোসাংবাদিক হেইডি লেভিনও ছিলেন। লেভিন পরে সাংবাদিকদের জানান, তার পরনে ফ্ল্যাক জ্যাকেট) ও হেলমেট না থাকলে হয়তো তিনি আজ বেঁচে থাকতেন না, কারণ হামলাকারীরা তাকে ক্রমাগত লাথি মারছিল।
সূত্র: আল জাজিরা
আরএ