হোম > বিশ্ব

স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে জাতিসংঘের প্রস্তাবে পক্ষে ১৬৩ দেশ

আমার দেশ অনলাইন

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের বিরোধিতা করা বিভিন্ন বেসরকারি সংস্থার জোট ‘ক্যাম্পেইন টু স্টপ কিলার রোবটস’-এর কর্মীরা ২০১৯ সালের ২১ মার্চ বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। ছবি- রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে যাচ্ছে জাতিসংঘ। সোমবার থেকে জেনেভায় শুরু হতে যাওয়া এক বৈঠকে এসব অস্ত্রের ওপর আইনগতভাবে বাধ্যতামূলক বিধি প্রণয়নের আলোচনা শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

সমালোচকেরা প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থাকে ‘কিলার রোবট’ নামে অভিহিত করেন। যুদ্ধক্ষেত্রে এ ধরনের অস্ত্রের ব্যবহার বাড়তে থাকায় এগুলোর ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।

সামরিক বাহিনীগুলো এখন এআই প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে দ্রুত ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত এবং হামলা চালানোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এতে যুদ্ধের ধরনেও বড় পরিবর্তন আসছে। তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়ার বিপদ নিয়ে সতর্ক করেছেন বিভিন্ন দেশের অধিকারকর্মী, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পোপ চতুর্দশ লিও।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) অস্ত্র ও যুদ্ধ পরিচালনা ইউনিটের প্রধান লরাঁ জিসেল বলেন, এআই প্রযুক্তির অগ্রগতির কারণে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।

যুদ্ধক্ষেত্রে বাড়ছে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার

ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রাণঘাতী প্রভাব তৈরিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোন ব্যবহার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পও স্বয়ংক্রিয় ‘ড্রোন ঝাঁক’ তৈরির উদ্যোগ এগিয়ে নিচ্ছে।

এ পরিস্থিতিতে এ ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, জেনেভায় চলতি সপ্তাহের বৈঠকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বেসামরিক মানুষ ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।

প্রচলিত অস্ত্রসংক্রান্ত কনভেনশনের পর্যালোচনা সম্মেলনে ১২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আইনগতভাবে বাধ্যতামূলক বিধি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।

জাতিসংঘে প্রস্তাবের পক্ষে ১৬৩ দেশ

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে বিধি প্রণয়নের আলোচনা শুরুর আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে ১৬৩টি দেশ সমর্থন জানায়। বিপক্ষে ভোট দেয় পাঁচটি দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, বেলারুশ, ইসরাইল ও উত্তর কোরিয়া।

গত সপ্তাহে উত্তর কোরিয়া এআই প্রযুক্তিসম্পন্ন নতুন একটি টর্পেডো ব্যবস্থার কথা জানিয়েছে। অন্যদিকে ইরান, সৌদি আরব ও চীনসহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল।

ফরাসি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের গবেষক লর দ্য রুসি-রশগোন্দ বলেন, চীন এ বিষয়ে সতর্কভাবে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে।

যুক্তরাষ্ট্র পাঁচ বছর মেয়াদি একটি প্রক্রিয়ার মাধ্যমে আইনগতভাবে বাধ্যতামূলক নয়—এমন একটি নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বছরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার পক্ষে।

২০২৩ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আইসিআরসির প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগার ২০২৬ সালের আগেই স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আইসিআরসি দুই ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের দাবি জানাচ্ছে। এর মধ্যে রয়েছে অনির্দেশ্য আচরণ করতে পারে এমন স্বয়ংক্রিয় অস্ত্র এবং যেসব অস্ত্র সরাসরি মানুষকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি বা ব্যবহার করা হয়।

তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো প্রভাবশালী সামরিক শক্তির বিরোধিতার কারণে চলতি সপ্তাহের বৈঠকে বাধ্যতামূলক বিধি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে ঐকমত্য হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

সূত্র: দ্য জাপান টাইমস ও এএফপি

‘শারীরিক যে অবস্থা, তাতে জীবিত ফিরতে নাও পারি’Ñচিঠিতে ইমরান খান

কেলেঙ্কারির মধ্যেই ট্রাম্পের ‘জাতীয় চ্যাম্পিয়ন’ তালিকায় এনভিডিয়া

ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোন আটকের দাবি ইরানের

স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে না ইরান: বাঘাই

মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মনে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি

সামাজিকমাধ্যম টেলিগ্রাম নিষিদ্ধ করতে যাচ্ছে জর্ডান

৯১ বছরের আওয়াদের কোরআন তেলাওয়াতে কাঁদলেন মন্ত্রীসহ দর্শকরা

আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার দায়ে বাহরাইনে ৬৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মুসলমানদের নিয়ে পশ্চিমা ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না: লরেন বুথ