ভারতের মহারাষ্ট্রে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নবরাত্রি উৎসবের গরবা ও ডান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। একই সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় যাচাই, আধার কার্ড পরীক্ষা এবং কপালে তিলক দেওয়ার মতো নির্দেশনা দিয়েছে সংগঠনটি।
ভিএইচপি নেতা শ্রীরাজ নায়ার বলেন, নবরাত্রি মূলত হিন্দু দেবীর উপাসনার উৎসব। তাই মুসলিমদের এই অনুষ্ঠানে অংশ নেওয়া উচিত নয়। তবে তিনি বলেন, এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; হিন্দু উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক চরিত্র বজায় রাখতেই এই পদক্ষেপ।
ভিএইচপির এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক ‘হিন্দু-মুসলিম সম্প্রীতি ও মানবিক মর্যাদা’ নিয়ে বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন, ভিএইচপির অবস্থান আরএসএসের মতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।
কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল ভিএইচপির নির্দেশনাকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেন। এনসিপি (এসপি) মুখপাত্র ক্লাইড ক্রাস্টোর প্রশ্ন, বিজেপি-নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কি ভিএইচপিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নির্দেশ দেওয়ার সুযোগ দেবে?
মহারাষ্ট্র রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পেয়ার খান বলেছেন, প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম অনুযায়ী উৎসব পালনের অধিকার রয়েছে, কিন্তু তিনি সরকারি উৎসব থেকে মুসলমানদের নির্বিচারে বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরএ