কানাডার অন্টারিও প্রদেশে আদিবাসী রেড ইন্ডিয়ানদের জন্য তৈরি এক মিশনারি স্কুলে অচিহ্নিত ১১৪টি কবরের সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার স্থানীয় এক অনুসন্ধানকারী দলের বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ম্যাকইনটশ ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুল নামের ওই প্রতিষ্ঠানটি ১৯২৫ সালে খ্রিষ্টান রোমান ক্যাথলিক মিশনারিরা চালু করে। ১৯৬৯ সালে স্কুলটি বন্ধ হয়ে যায়।
অনুসন্ধানকারী দল উইকওগামিং তিনাহতিসউইন প্রজেক্ট টিমের বিবৃতিতে বলা হয়, স্কুলটির সমাধিস্থানে সাতটি সমাধিসৌধ রয়েছে। একইসঙ্গে সরেজমিনে জরিপে আরও ১১৪টি অচিহ্নিত কবর রয়েছে। এর মধ্যে ১০৬টি কবর সমাধিস্থানেই এবং বাকি আটটি কবর স্কুলটির সীমানায় বিভিন্ন স্থানে পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, স্কুলটির সীমানার মধ্যে ১৬৫ জনকে সমাহিত করার প্রমাণ উদ্ঘাটন করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শিশু।
ম্যাকইনটশ ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুল কানাডায় রোমান ক্যাথলিক মিশনারিদের পরিচালিত ১৩০টি স্কুলের মধ্যে একটি। ১৮০০ শতকের শুরুতে কানাডায় সরকারের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলো প্রতিষ্ঠিত হয়।
স্থানীয় আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুদের এই স্কুলগুলোতে জোর করে ভর্তি করানোর মাধ্যমে তাদের ইউরোপীয় সংস্কৃতি অনুযায়ী গড়ে তোলার চেষ্টা চালানো হয়। স্কুলগুলোতে ভর্তি হওয়া শিশুদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নিপীড়নেরও অভিযোগ রয়েছে।
স্কুলগুলোতে ভর্তি অন্তত ৪ হাজার ৫০০ শিশু নিপীড়নের শিকার হয়ে মারা গেছে বলে ধারণা করা হয়। মৃত শিশুদের বিষয়ে অনেকক্ষেত্রে পরিবারকেও তাদের পরিণতি সম্পর্কে জানানো হতো না।