প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত নতুন এক ডলারের মুদ্রা বাজারে এসেছে। বুধবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্পের ছবি সংবলিত সোনালি রঙের নতুন স্মারক কয়েনটি বাজারে ছাড়ে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা নির্মাতা প্রতিষ্ঠান ইউএস মিন্ট।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এ কথা জানায়। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে প্রচলিত মুদ্রায় স্থান পেলেন।
কয়েনটির সামনের দিকে ট্রাম্পের প্রতিকৃতির সঙ্গে ‘লিবার্টি’ এবং নিচে ‘১৭৭৬-২০২৬’ সাল লেখা রয়েছে। এছাড়া মাথার পাশে ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা যুক্ত করা হয়েছে। কয়েনের পেছনে রয়েছে প্রেসিডেন্টের সিলমোহর, যেখানে একটি ঈগলকে জলপাইয়ের ডাল ও একগুচ্ছ তীর ধরে থাকতে দেখা যায় এবং এর সঙ্গে একটি ঢাল রয়েছে, যাতে মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ‘২৫০’ সংখ্যাটি লেখা আছে।
গত ৪ জুলাই ফিলাডেলফিয়া মিন্টে বিশেষ চিহ্নসহ ২ লাখ ৫০ হাজার কয়েন তৈরি করা হয়। কয়েনগুলোর ফেসমূল্য এক ডলার হলেও ইউএস মিন্টের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে এর চেয়ে বেশি দাম দিতে হয়। ২৫টি কয়েনের একটি রোল ৬১ ডলারে এবং ১০০টি কয়েনের একটি ব্যাগ ১৫৪ দশমিক ৫০ ডলারে বিক্রি হচ্ছে।
এ আগে মার্কিন মুদ্রায় কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি ছাপার একমাত্র ঘটনাটি ঘটেছিল ১৯২৬ সালে। সে সময় ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি স্মারক রৌপ্য হাফ ডলারে জর্জ ওয়াশিংটনের পাশাপাশি প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ছাপা হয়েছিল।
সমালোচকেরা মুদ্রায় ট্রাম্পের ছবি ছাপানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন মুদ্রায় জীবিত ব্যক্তিদের ছবি ছাপানোর ওপর ফেডারেল নিষেধাজ্ঞা এবং দেশের মুদ্রায় ক্ষমতাসীন প্রেসিডেন্টদের ছবি না রাখার দীর্ঘদিনের ঐতিহ্যের কথা উল্লেখ করেছেন তারা।
সূত্র: আনাদোলু
আরএ