দক্ষিণ-পূর্ব ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছে।
শহরের মেয়র কার্যালয় থেকে জানানো হয়েছে, মিনাস গেরাইস রাজ্যে শনিবার (১১ জানুয়ারি) রাতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা ভূমিধসের কারণ হয়ে দাঁড়ায়। এতে ইপাটিঙ্গা শহরে প্রাণ হারায় ৯ জন। এ ছাড়া পাশের সান্তানা দো প্যারাইসো শহরে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ ব্যক্তির পরিবারের চার সদস্যকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা।
ভূমিধসে বিধ্বস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আট বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া, বেথানিয়াপাড়ায় পাহাড়ের পাশে একটি রাস্তার পাশে আরেকটি ভূমিধসে সবকিছুই ভেসে গেছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিনাস জেরাইস রাজ্যের গভর্নর রোমিউ জেমা। লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশটি গত বছর বেশ কয়েকটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। গত এপ্রিল এবং মে মাসে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণাঞ্চলে ১৮০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়।