জো বাইডেনের কাছে গত নির্বাচনে হারার পর ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে ভয়াবহ হামলা চালিয়েছিল। এ ঘটনা তখন সারা বিশ্বে আলোড়ন তোলে। এর নিন্দা জানান সারা বিশ্বের শান্তিকামীরা। তারা ওই ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান।
এবার নির্বাচিত হয়ে দায়িত্ব ঝুঝে নেয়ার প্রথম দিনই ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই এই ঘোষণা দেন তিনি।
এবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছেন, যার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধির ঘোষণা।
বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেছেন তিনি। সোমবার এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় আটক প্রায় ১৫০০ জনকে ক্ষমা করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের দিন তার সমর্থকরা ডিসি জেলের বাইরে অপেক্ষা করছিলেন।
ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণদানকালে ঘোষণা করেন, ওভাল হাউসে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির অভিযুক্তদের ক্ষমা করবেন। এ সময় উপস্থিত জনতা আনন্দ প্রকাশ করেন। এক নারী উচ্চস্বরে বলে ওঠেন- ‘ফ্রিডম!’।
ক্যাপিটল হিল আক্রমণে জেলবন্দিদের ডোনাল্ড ট্রাম্প ‘রাজনৈতিক বন্দি’ হিসাবে চিহ্নিত করেছেন। তিনি তাদের ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।