ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে সামরিক অভিযান চালানোর দ্বিতীয় দিনে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেনা ব্যারাক ও পর্যবেক্ষণ চৌকি স্থাপন করেছে ইসরাইলি বাহিনী। শনিবার বাসিন্দাদের জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়ে এসব বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নেয় সেনারা। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ওয়াফা জানায়, হেবরনের দক্ষিণাঞ্চলের খাল্লাত মান্না ও দাহিয়াত আল-জাইতুন এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেনাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য এলাকার বাসিন্দাদেরও বাড়ি ছাড়তে বাধ্য করে সেগুলো পর্যবেক্ষণ চৌকিতে রূপান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার থেকে ব্যাপক তল্লাশি অভিযান, সড়ক বন্ধ এবং চলাচলে কঠোর বিধিনিষেধের মধ্যে শত শত পরিবারকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়।
এদিকে বাইতুল লাহামের কাছে তুকু শহরে যাওয়ার মাটির রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী। ওয়াফার বরাতে জানা গেছে, বিকল্প দুর্গম পথ দিয়ে চলাচলকারী ফিলিস্তিনিদের যানবাহন লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও শব্দবোমা ছোড়া হয়েছে। বেথলেহেম ও আশপাশের শহর-গ্রামের সড়কগুলো বন্ধ থাকায় এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে ফিলিস্তিনিদের কাঁচা রাস্তার ওপর নির্ভর করতে হচ্ছে।