নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী জোহরান মামদানি বলেছেন, শহরের পেনশন তহবিল ইসরাইলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়। কারণ তার মতে, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। খবর মিডল ইস্ট আইয়ের।
গত সপ্তাহে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে মামদানি বলেন, ‘আমি মনে করি আমাদের এমন কোনো তহবিল থাকা উচিত নয় যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে বিনিয়োগ করা হয়।’
তিনি আরো বলেন, ‘বর্তমান নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ইসরাইলি বন্ডের ক্ষেত্রে ‘সঠিক পদক্ষেপ’ গ্রহণ করেছেন। এটাই সঠিক পন্থা।’
ইসরাইলের সঙ্গে ব্যবসা করে এমন অন্য কোম্পানির ক্ষেত্রে তার অবস্থান সম্পর্কে মামদানির কাছে জানতে চাওয়া হয়। এ প্রশ্ন এড়িয়ে যান মামদানি। বলেন নিউইয়র্ক সিটি কোথায় সবচেয়ে বেশি সম্পৃক্ত তা বোঝা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কোথায় সরাসরি জড়িত তা খুঁজে বের করা। শহরের পেনশন তহবিলে, ইসরাইলি বন্ড কেনা আমার কাছে এমন কিছু, যা আমাদের মূল্যবোধের স্পষ্ট প্রকাশ। আমরা জানি যে আমাদের মূল্যবোধ আসলে আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত।’
গত বছরের মার্চ পর্যন্ত ‘নিউইয়র্ক স্টেট কমন রিটায়ারমেন্ট ফান্ডে’ ইসরাইলি বন্ড ছিল প্রায় ৩৫২ মিলিয়ন ডলার।
আরএ