যুদ্ধ বন্ধের বিষয়ে সম্ভাব্য আলোচনা নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ হচ্ছে কি না, সে বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী ভাষ্য দিয়েছে। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। কিন্তু সোমবার ট্রাম্প এই সময়সীমা পাঁচ দিনের জন্য স্থগিত করে বলেন, ইরানের কাছে আরো একটি সুযোগ রয়েছে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে ‘বৈরিতার সম্পূর্ণ ও সার্বিক সমাধান’ নিয়ে আলোচনা করেছে।
তবে ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি’। সিামজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আর্থিক ও তেলের বাজার প্রভাবিত করতে ‘ভুয়া খবর’ ব্যবহার করা হচ্ছে।
তবে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন: ‘আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু প্রস্তাব পেয়েছি এবং সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।’
সিবিএস স্পষ্ট করে জানিয়েছে, এই পদক্ষেপ ‘আলোচনার একটি সম্ভাব্য পূর্বপ্রস্তুতি হিসেবে’ নেওয়া হয়েছে এবং আলোচনা নিশ্চিত বা চলমান নয়।
হোয়াইট হাউসও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘পরিস্থিতি পরিবর্তনশীল এবং হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত বৈঠক সংক্রান্ত জল্পনা-কল্পনাকে চূড়ান্ত বলে গণ্য করা উচিত নয়।’
সূত্র: আল জাজিরা