হরমুজ প্রণালির নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ যুদ্ধে’ অংশ না নিতে দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সেনা মোতায়েন না করারও দাবি জানিয়েছেন তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরের বিপরীতে বিক্ষোভকারীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল-‘আগ্রাসনের যুদ্ধে যোগ দেবেন না।’
হরমুজ প্রণালির নিরাপত্তায় দক্ষিণ কোরিয়ার ‘অবদান’ রাখার বিষয়ে দেশটির নেতারা যখন ভাবছেন, তখনই এ বিক্ষোভ হলো।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে সহায়তার জন্য চাপ দিয়ে আসছেন। এদিকে বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরান কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
সিউলের সেজং সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের বাইরে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘আমরা আমাদের তরুণদের মৃত্যুর সাগরে পাঠাতে পারি না!’
এএফপির হিসাবে, বিক্ষোভে প্রায় ৬০ জন অংশ নেন। মধ্যপ্রাচ্যে যেকোনো ধরণের সামরিক জড়িয়ে পড়া দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং সেখানে অবস্থানরত কোরিয়ান নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলবে বলে তারা মনে করেন।
যুদ্ধের পথ পরিহার করে সিউলকে স্বাধীন এবং শান্তিপূর্ণ কূটনৈতিক পন্থা অবলম্বন করার তাগিদ দেন বিক্ষোভকারীরা।
সূত্র: আল জাজিরা
আরএ