ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে ন্যাটোর কয়েকটি সদস্যদেশ সতর্ক করার পর গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, রাশিয়ার উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তবসম্মত কারণ নেই। ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করা দেশগুলোরও সমালোচনা করেন তিনি।
সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘ইউরোপের অনেকেই সেখানে রুশ হামলার আশঙ্কার কথা বলছেন। এ কারণে তারা মনে করছেন, তাদের নিজেদেরও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’
এরপর পুতিন আবারও জোর দিয়ে বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছি না।’
চলতি মাসের শুরুতে জার্মানি অভিযোগ করে, গত আগস্টে দেশটির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পরিকল্পনা করেছিল মস্কো।
অন্যদিকে পোল্যান্ড সতর্ক করে বলেছে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ওপর রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করছে রাশিয়া। এ কথাও জানিয়েছেন পুতিন।
আলোচনা আবার শুরুর প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, সব প্রস্তাবই আলোচনার টেবিলে আছে। সবকিছুই সম্ভব। তবে তারা যা করেছে, তার জবাবে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা আমরা সতর্কতার সঙ্গে বিবেচনা করব।’
এএম