হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইলেকট্রনিক ওয়ারফেয়ার অপারেশন বা ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে এমকিউএম-১৭০ মডেলের ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, কেশম দ্বীপের দক্ষিণে অভিযান চালিয়ে ড্রোনটির নিয়ন্ত্রণ নেয় তাদের সদস্যরা। পরে সেটিকে ভূপাতিত করা হয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘আইআরজিসির নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের হাতে এ ধরনের ড্রোন অক্ষত অবস্থায় আটকের এটি চতুর্থ ঘটনা।’
বিবৃতিতে আরো দাবি করা হয়, হরমুজ প্রণালীর আশপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর হাতে এ পর্যন্ত মোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় আটক হয়েছে।
আইআরজিসির দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা শনাক্ত এবং সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ড্রোনটি ওই এলাকায় পরিচালনা করা হচ্ছিল।
এমএমআর