ইরানে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তেহরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এক বিবৃতিতে জানায়, জর্ডানে মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলায় ‘বিপুলসংখ্যক মার্কিন সামরিক সদস্য নিহত’ এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।
এছাড়া মার্কিন বাহিনীর কয়েকটি আক্রমণাত্মক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।
আইআরজিসি জানিয়েছে, দেশটির দক্ষিণে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই হামলায় চারজন নিহত হয়।
আইআরজিসি জানায়, ‘আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার অভিযানের দ্বিতীয় ধাপে তাদের অ্যারোস্পেস ফোর্স জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প তিবতিনে হামলা চালিয়েছে। এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস হয়েছে।’
আরেকটি বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানে ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটিতে দূরপাল্লার আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গার লক্ষ্য করে ‘ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা’ চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। এ সময় কয়েকজন পাইলট ও উড্ডয়ন-প্রযুক্তিবিদ নিহত হয়েছেন বলেও দাবি করা হয়। পাশাপাশি ঘাঁটির কয়েকটি কারিগরি অবকাঠামোতে আগুন ধরে যায় বলে জানায় আইআরজিসি।
সূত্র: প্রেস টিভি
আরএ