বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাটসে প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাজ্যে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনায় হিথ্রো, গ্যাটউইক, ম্যানচেস্টার ও স্ট্যানস্টেডসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও ব্যাপক বিলম্বের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪।
ন্যাটস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নিশ্চিত হয়েছি যে সমস্যাটি আমাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে দেখা দিয়েছে। আমাদের প্রকৌশলীরা ঘটনাস্থলে রয়েছেন এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে জরুরি ভিত্তিতে কাজ করছেন। যাত্রীদের চলমান ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
সংস্থাটি আরো জানায়, ‘ফ্লাইট এখনো উড্ডয়ন করছে এবং আকাশসীমা খোলা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।’
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এই সমস্যার কারণে লন্ডন ফ্লাইট ইনফরমেশন অঞ্চলের আওতাধীন বিভিন্ন বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নকারী ফ্লাইটের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হয়েছে।
এডিনবরো বিমানবন্দর এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এই সমস্যার কারণে তাদের কার্যক্রমও ব্যাহত হতে পারে। আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর জানিয়েছে, সেখানে অবতরণ ও ছেড়ে যাওয়া উভয় ধরনের ফ্লাইটই বিঘ্নের মুখে পড়েছে।
লন্ডন লুটন ও বার্মিংহাম বিমানবন্দরেও ফ্লাইট বিলম্ব ও বাতিলের খবর পাওয়া গেছে। একই পরিস্থিতির কথা জানিয়েছে অ্যাবারডিন ও গ্লাসগো বিমানবন্দর। ডাবলিন বিমানবন্দরও জানিয়েছে, কিছু অভ্যন্তরীণ ও বহির্গামী ফ্লাইটে বিলম্ব হতে পারে।
ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। এক বিবৃতিতে বিমান সংস্থাটি বলেছে, ‘বিষয়টি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের কর্মীরা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছে দিতে কাজ করছেন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএ