হোম > বিশ্ব

পাসপোর্টের আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান কী’

আলজাজিরার প্রতিবেদন

আমার দেশ অনলাইন

শেখ হাসিনা। ফাইল ছবি

ভারতে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা আগামী মাসে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারত পালিয়ে যান।

৭৯ বছর বয়সি শেখ হাসিনাকে ২০২৫ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।

ইতোমধ্যে হাসিনার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকা। বাংলাদেশ সরকার বলেছে, তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তাকে প্রত্যর্পণের আবেদন করতে হবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজাজিরাকে বলেন, ‘হাজার হাজার মানুষ হত্যার দায়ে অভিযুক্ত হয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বাংলাদেশ পাসপোর্ট দেয় না। বর্তমান প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের সঙ্গে কাজ করে সন্ত্রাসী হাসিনাকে ফেরত আনার চেষ্টা করবে।’

মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে ফিরলে হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, ‘শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

তাহলে কী কারণে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন? তার আগের নথিপত্র বাতিল করা হয়েছে। তিনি কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কোনো কৌশল?

নিজের পরিণতি তিনি জানেন

শেখ হাসিনার দেশে ফেরা রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে। ২০২৪ সালের অভ্যুত্থানে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার দুই বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন হাসিনার প্রত্যাবর্তন পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।

তবে বিশ্লেষকদের প্রশ্ন, হাসিনা সত্যিই বিচারের মুখোমুখি হতে দেশে ফিরতে চান, নাকি ভারত থেকে স্বেচ্ছানির্বাসনে থেকেই নিজের রাজনৈতিক অবস্থান পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন?

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমানের মতে, হাসিনার পাসপোর্টের আবেদন দেশে ফেরার তাৎক্ষণিক পরিকল্পনার চেয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার কৌশল বেশি। এর মাধ্যমে তিনি নিজের দল আওয়ামী লীগের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন।

জিল্লুর রহমান বলেন, ‘আমার মনে হয়, নিজের পরিণতি তিনি জানেন। কিন্তু তিনি চান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন।’

জিল্লুর রহমান বলেন, ‘আমার যতটুকু উপলব্ধি, কোনো অবস্থাতেই তিনি দলের নেতৃত্ব অন্য কারো হাতে তুলে দিতে চান না। আমার মনে হয়, এটি তার এবং দলের জন্য বড় সমস্যা।’

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একসময় উপমিশনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ আরো স্পষ্ট ভাষায় বলেছেন, হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই।

তিনি আলজাজিরাকে বলেন, ‘ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা একেবারেই নেই। আমার দৃষ্টিতে, এটি তার সমর্থকদের উজ্জীবিত করার এবং দেশে ক্রমেই গুরুত্ব হারানোর বিষয়টি থেকে মানুষের দৃষ্টি সরানোর রাজনৈতিক চাল।’

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, হাসিনার এই ঘোষণার উদ্দেশ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখা। বর্তমানে দলটি নিষিদ্ধ এবং এর অনেক নেতা কারাগারে অথবা নির্বাসনে রয়েছেন।

তিনি বলেন, ‘এই ঘোষণা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখছে এবং দেশের ভেতরে পরিস্থিতি সম্পর্কে তার ধারণা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। তবে সত্যিকার অর্থে তার দেশে ফেরা অকল্পনীয়। কারণ, এর অর্থ হবে ফাঁসির মুখোমুখি হওয়া অথবা বাকি জীবন কারাগারে কাটানো।’

বিশ্লেষকেরা হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করলেও তার ঘোষণায় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ও সমর্থকের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে ভারতে থেকে আলজাজিরাকে বলেন, ‘আমাদের নেত্রী ফিরবেন।’

হাসিনা কীভাবে ফিরবেন এবং তাকে দেশে ফেরাতে দল কী পদক্ষেপ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীই তার পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেননি।

ভারতকে ঘিরে হিসাব-নিকাশ

শেখ হাসিনার ভবিষ্যৎ অনেকাংশেই ভারতের হিসাব-নিকাশের ওপর নির্ভর করছে।

দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে পালানোর পর থেকে আশ্রয় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে ভারতে তার অবস্থান এখন বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে।

দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ একাধিকবার হাসিনাকে ফেরত চেয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, তারা এসব অনুরোধ পর্যালোচনা করছে। গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ‘গঠনমূলকভাবে সম্পৃক্ত হতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে’ আগ্রহী।

নয়াদিল্লির কাছে ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত আলজাজিরাকে বলেন, ভারতের কাছে শেখ হাসিনা দীর্ঘদিনের বন্ধু। তার ভারতে অবস্থানের বিষয়টি থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টিকে আলাদা করে দেখার চেষ্টা করছে নয়াদিল্লি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতের খুব ভালো বন্ধু। নয়াদিল্লি তাকে এমন একজন বন্ধু হিসেবে দেখে, যাকে তারা সব সময় সমর্থন করবে। এটাই আমাদের আনুষ্ঠানিক অবস্থান।’

সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচের মতে, হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কূটনৈতিক মূল্য সম্পর্কে নয়াদিল্লি এখন আগের চেয়ে বেশি সচেতন। তবে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবে, এমন সম্ভাবনা কম।

তিনি বলেন, ‘হাসিনার ভারতে অবস্থান যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ক্ষতি করছে, নরেন্দ্র মোদির সরকার এত দিনে নিশ্চয়ই তা বুঝতে পেরেছে। ভারতের কেউ কেউ হয়তো এখনো মনে করেন, হাসিনা ও তার দল দেশটির জন্য প্রভাব বিস্তারের হাতিয়ার। তবে আমি নিশ্চিত, মোদি সরকার হাসিনা-সংকটের অবসান চাইবে। এর মধ্যে তার অন্য কোনো তৃতীয় দেশে বসবাসের ব্যবস্থাও থাকতে পারে।’

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, কূটনৈতিক জটিলতা সত্ত্বেও ভারত হাসিনাকে ছেড়ে দিতে পারছে না।

তিনি বলেন, ‘আমার মনে হয়, ভারত একদিকে তার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছে, অন্যদিকে তাকে ছেড়েও দিতে পারছে না।’

জিল্লুর রহমান বলেন, ‘আমার মনে হয় না, ভারত তাকে পরিত্যাগ করবে। কিন্তু একই সঙ্গে তাকে সব ধরনের রাজনৈতিক সুরক্ষাও দেবে না। বিশেষ করে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় ভারত সহায়তা করবে বলে মনে হয় না।’

অন্যদিকে শ্রীরাধা দত্ত মনে করেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শিগগির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, বাংলাদেশ-ভারত সম্পর্ক খুব শিগগির স্বাভাবিক অবস্থায় ফিরবে।’

বিএনপির সঙ্গে সমঝোতা কি সম্ভব

শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে আরেকটি প্রশ্ন উঠেছে—ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে তার কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে কি না।

বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হাসিনার শাসনামলে তারেক রহমানও দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন।

তবে বিশ্লেষকেরা বিএনপির সঙ্গে হাসিনার কোনো সমঝোতার সম্ভাবনা দেখছেন না। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহান এ ধারণাকে ‘শুরুতেই বাতিল হওয়ার মতো প্রস্তাব’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপির লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। হাসিনার শাসনামলে ১৬ বছরের বেশি সময় ধরে বিএনপির নেতা-কর্মীরা কারাবন্দি হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন এবং রাজনৈতিকভাবে কোণঠাসা ছিলেন। আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতার ইঙ্গিতও বিএনপির সমর্থকেরা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখবেন।’

সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দেন।

তিনি বলেন, ‘হাসিনা যদি মনে করেন, দেশে ফিরে আবারো ফ্যাসিবাদ কায়েম করে নিজের সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন, তাহলে তিনি নিজেকেই বিভ্রান্ত করছেন।’

ফয়েজ সোবহানের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ বিএনপি সরকারের খুব একটা নেই।

তিনি বলেন, ‘দেশকে স্থিতিশীল করতে বৃহত্তর কোনো সমঝোতার সম্ভাবনা কল্পনা করাও কঠিন। জবাবদিহি কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়া পুনর্মিলন আরো কঠিন।’

সোবহানের মতে, হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র আনুষ্ঠানিক পথ প্রত্যর্পণ।

তিনি বলেন, ‘এটি নিজে থেকে দেশে ফিরে আসার বিষয় নয়; বরং তাকে ধরে দেশে ফিরিয়ে আনার বিষয়।’

আরএ

ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক প্রাণহানির দাবি

বিয়ে ও মাতৃত্বকে অবহেলা করতে শেখায়ে পুরো প্রজন্মকেই হতাশ করেছে নারীবাদ: পেট্রোনেলা ওয়াট

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

হেগসেথকে পদত্যাগের আহ্বান আল-সাইয়েদের

আল-সাইয়েদ যা বলেন তা বিশ্বাস করেন এবং মন থেকেই বলেন: সারাহ জুকাকু

নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যত নাটকীয় ঘটনা

গাজায় শিশুদের দুর্দশার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা পুরো বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন: জেমস টলারিকো

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ধর্মঘটের ডাক

ইরান-সংশ্লিষ্ট ৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ

মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদাই উত্তম: সানিয়া মির্জা