নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অবৈধ অভিবাসী-সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর প্রথম কোপ পড়েছে ভারতীয়দের ওপর। এরই মধ্যে সেদেশে বসবাসরত ১৮ হাজার অবৈধ ভারতীয় চিহ্নিত করেছে ভারত সরকার। আর তাদের ফিরিয়ে আনারও প্রস্তুতি নিয়েছে তারা। আমেরিকা থেকে নথিহীন অভিবাসীদের ফেরত নেবে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার রাতে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেছেন, এ মুহূর্তে আমেরিকা থেকে ভারতে ফেরার অপেক্ষায় আছে ২০ হাজার নথিহীন অভিবাসী। তাদের কারও কাছে কোনো রকম কাগজপত্র নেই। নয়াদিল্লি অবৈধ ভারতীয়দের ফিরিয়ে নিতে প্রস্তুত এবং যারা ভারতে বিতাড়িত হতে পারে তাদের যাচাই করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তিনি বলেন, ভারত সরকার দক্ষ ও অভিজ্ঞ অভিবাসী আমেরিকাসহ বিভিন্ন দেশে পাঠাতে আগ্রহী। সে হিসেবে অবৈধ ও অদক্ষ অভিবাসীদের বিপক্ষে তাদের অবস্থান।
প্রায় ১৮ হাজার ভারতীয়কে বহিষ্কারের বিষয়ে ভারত ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছে, এমন প্রতিবেদনের ওপর করা এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এসব কথা বলেন।
জয়শঙ্কর আরও বলেন, এটা শুধু আমেরিকার জন্য নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব অবৈধ অভিবাসীদের বিতাড়নের ক্ষেত্রে আমেরিকা যা করছে তা নতুন কিছু নয়। এ বিষয়ে ভারতের অবস্থান সুস্পষ্ট। তারা নিজ দেশের নাগরিকদের বিষয়ে সবসময় সচেতন।
ট্রাম্প দায়িত্ব নিয়েও একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেছেন. যার লক্ষ্য অবৈধ অভিবাসন বন্ধ করা এবং কয়েক লাখ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো।
সাম্প্রতিক আদমশুমারি অনুসারে, ২০২০ সালের ভারতীয় বংশোদ্ভূত নাগরিকের সংখ্যা ৫০ শতাংশ বেড়ে ৪৮ লাখে পৌঁছেছে। ২০২২ সালে বিদেশে পড়াশোনা করা প্রায় ১৩ লাখ ভারতীয় শিক্ষার্থীর এক-তৃতীয়াংশেরও বেশি আর নিজ দেশে ফেরত আসেনি।