ব্রিটেনের শীর্ষ চলচ্চিত্র পুরস্কার বাফটার অনুষ্ঠান সম্প্রচারের আগে তা থেকে বর্ণবাদী মন্তব্য বাদ না দেয়ায় ক্ষমা চেয়েছে বিবিসি৷
পুরস্কার বিতরণের এক পর্যায়ে টুরেট সিনড্রোমে আক্রান্ত এক অতিথি চিৎকার করে বর্ণবাদী মন্তব্য করেন৷ পুরস্কার বিতরণী শেষ হওয়ার দুই ঘণ্টা পর অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়৷ তারপরও দীর্ঘক্ষণ ওই মন্তব্যসহ অনুষ্ঠানটি প্রচার করায় তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে বিবিসি কর্তৃপক্ষ৷
রোববারের ওই অনুষ্ঠানে তখন মঞ্চে ছিলেন ‘সিনার্স’ ছবির দুই কৃষ্ণাঙ্গ অভিনেতা মাইকেল বি. জর্ডান এবং ডেলরয় লিন্ডো৷ ওই সময়ই টুরেট সিনড্রোমে আক্রান্ত অতিথি জন ডেভিডসন চিৎকার করে বর্ণবাদী মন্তব্যটি করেন৷
টুরেট সিনড্রোম এমন এক স্নায়বিক ব্যাধি যার কারণে মানুষ অনিচ্ছা সত্ত্বেও হঠাৎ একই শব্দ বারবার বলতে থাকেন বা একইভাবে নড়াচড়া করতে থাকেন৷ কখনো কখনো গালিগালাজও করেন তারা৷ তাদের এমন আচরণ ‘টিকস’ নামে পরিচিত৷
বিবিসি রোববার জন ডেভিডসনের আপত্তিকর ওই মন্তব্যসহ ধারণের প্রায় দুই ঘণ্টা পর অনুষ্ঠানটি সম্প্রচার করে৷ সোমবার সকাল পর্যন্ত অবিকল প্রচার করা হয় সেই অনুষ্ঠান৷
পরে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ অভিনেতা এবং একজন প্রোডাকশন ডিজাইনার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলে আপত্তিকর অংশ বাদ না দিয়ে অনুষ্ঠান সম্প্রচারের জন্য দুঃখ প্রকাশ করে বিবিসি৷
এবার ‘আই সয়্যার’ নামের একটি চলচ্চিত্র বেশ কয়েকটি পুরস্কার জেতে৷ ডেভিডসন জানিয়েছিলেন, ‘আই সয়্যার’ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন৷ এ কারণেই রোববারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তাকে৷
তার করা বর্ণবাদী মন্তব্য অনুষ্ঠান সম্প্রচারের আগে সম্পাদনা করে বাদ না দেয়ায় সোমবার ক্ষমা চেয়েছে বিবিসি৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির এক এক মুখপাত্র বলেন, কিছু দর্শক পুরস্কার দেয়ার সময় ‘তীব্র এবং আপত্তিকর ভাষা’ শুনে থাকতে পারেন, ‘‘যা টুরেট সিনড্রোমের সঙ্গে সম্পর্কিত অনিচ্ছাকৃত মৌখিক টিকস থেকে উদ্ভূত এবং অনুষ্ঠানের সময়েই ব্যাখ্যা বলা হয়েছিল যে, বিষয়টি ইচ্ছাকৃত ছিল না৷ তা সম্প্রচারের আগে সম্পাদনা করা হয়নি বলে আমরা ক্ষমাপ্রার্থী৷ এটি এখন বিবিসি আইপ্লেয়ারের সংস্করণ থেকে সরানো হবে৷’’
এদিকে সোমবার সন্ধ্যায় একটি পৃথক বিবৃতিতে বাফটা বলেছে, ‘‘এর ফলে যে ক্ষতি হয়েছে তা স্বীকার করতে চাই, কী ঘটেছে তা জানাতে চাই এবং সকলের কাছে ক্ষমা চাইতে চাই আমরা৷’’
সূত্র: রয়টার্স