গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার একদিনে ইসরাইলের হামলায় আরো ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদেরমধ্যে নয়জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। খবর আল জাজিরার।
সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার বন্দরে বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি একটি অস্থায়ী তাঁবুতে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে দুই বেসামরিক মানুষ নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। এছাড়া আল-মুখাবারাত এলাকার চারটি বাড়ি এবং গাজা সিটির উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো হয়েছে।
মধ্য গাজার দেইর এল-বালাহর তালবানি মহল্লার আরেকটি বাড়িতে বোমা হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে গাজা সিটির উত্তর-পূর্বে তুফাহের আজ-জারকা এলাকায় বেসামরিক লোকদের ওপর হামলায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার নতুন করে বাস্তুচ্যুত করার হওয়ার হুমকি দিয়েছে ইসরাইল। তারা ফিলিস্তিনিদের গাজা সিটির জামাল আবদেল নাসের স্ট্রিটে অবস্থিত একটি উঁচু ভবন এবং কাছাকাছি তাঁবু ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশ না মানলে মৃত্যুর মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছে ইসরাইল। গাজার বাসিন্দাদের আল-মাওয়াসির কথিত ‘মানবিক এলাকায়’ চলে যেতে বলছে।
তবে ইসরাইল আল-মাওয়াসিকে নিরাপদ অঞ্চল বললেও, ওই এলাকা বারবার বোমা হামলার শিকার হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গাজায় কোনো নিরাপদ অঞ্চল নেই।
আরএ