কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলায় অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ হামলা ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে সামনে এগিয়ে নেবে না। বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মঙ্গলবার তার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পারেন যে ইসরাইল দোহায় হামাসের ওপর হামলা চালাচ্ছে। তবে তখন দুর্ভাগ্যবশত খুব দেরি হয়ে যায়, যেকারণে হামলা থামানো সম্ভব হয়নি ।’
তিনি জানান, ‘এই হামলা ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একক সিদ্ধান্ত ছিল, এটি আমার সিদ্ধান্ত ছিল না।’
প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে তিরস্কার করে বলেন, ‘কাতার একটি সার্বভৌম রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, যারা শান্তির জন্য আমাদের সাথে অত্যন্ত কঠোর এবং সাহসিকতার সাথে ঝুঁকি নিচ্ছে, তাদের অভ্যন্তরে একতরফাভাবে বোমা হামলা ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবে না।’
তিনি আরো বলেন, ‘যেভাবে পরিস্থিতির অবনতি হয়েছে তাতে খুবই অসন্তুষ্ট।’
হামাস জানিয়েছে, হামলায় ছয়জন নিহত হয়েছে, যার মধ্যে কাতারি নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছেন। তবে হামলা থেকে তাদের নেতারা বেঁচে গেছেন।
ইসরাইলি সেনারা দাবি করেছে, যথাযথভাবে পরিকল্পিত হামলা ছিল এটি। হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করেই এই হামলা চালানো হয়। ইসরাইলি গণমাধ্যম জানায়, এ অভিযানে ১৫টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০টি বোমা একটি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি নিজে হামলার অনুমোদন দিয়েছেন এবং হামাস নেতাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।
আরএ