হোম > বিশ্ব

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি বাংলা

ডেটিং অ্যাপে পরিচয়। এরপর কয়েক সপ্তাহ ধরে তারা দেখাসাক্ষাৎ করেছেন লেনা ও কিয়েটিল। তবে লেনা ভয় পাচ্ছিলেন যে তার সঙ্গী যখন তার বয়স জানতে পারবেন, তখন হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাবে।

পরিচয়ের সময় লেনা তার প্রোফাইলে ইচ্ছাকৃতভাবেই বয়স উল্লেখ করেননি, কারণ তিনি প্রত্যাখ্যাত হতে চাননি।

কয়েক সপ্তাহ পর সম্পর্কটা যখন সিরিয়াস হতে শুরু করে, তার দুশ্চিন্তাও বাড়তে থাকে।

৪৫ বছর বয়সী লেনা জানান, তার সঙ্গী কিয়েটিল সম্পর্ক শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো ক্ষণস্থায়ী সম্পর্ক নয়, সত্যিকারের ভালোবাসা খুঁজছেন।

প্রথমবার যখন তারা দেখা করেন, তখন লেনা তার সঙ্গীকে বলে দিয়েছেন যে তার একটি কিশোরী মেয়ে আছে। কিন্তু তাতেও কিয়েটিল আগ্রহ হারিয়ে ফেলেননি।

৩০ বছর বয়সী কিয়েটিল ভেবেছিলেন, লেনা হয়তো তার চেয়ে অল্প কয়েক বছর বড়।

কিন্তু কয়েক সপ্তাহ পরে লেনা যখন তার আসল বয়স জানান, তাতেও তিনি বিচলিত হননি।

বরং, তিনি লেনার মেয়ের সঙ্গে দেখা করেন, যে তার চেয়ে ১১ বছরের ছোট।

তিনি তখন লেনার মেয়ের কাছে জানতে চান, তার মায়ের সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিলে তার কোনো আপত্তি আছে কি না।

কিয়েটিলের পরিবার বা বন্ধুদের থেকে এই ধরনের কোনো অনুমতি নেওয়ার দরকার ছিল না। তবুও, তারা লেনাকে কীভাবে নেবেন, তা নিয়ে লেনা শেষ পর্যন্ত কিছুটা দুশ্চিন্তায় ছিলেন।

লেনা বলেন, ‘আমি কিয়েটিলকে বলেছিলাম, দয়া করে যেন তারা আমার বয়স না জানে। কারণ আমি খুবই ভয়ে ছিলাম যে তারা তাকে বলবে, তুমি কেন একজন বয়স্ক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছ?’

শেষ পর্যন্ত কিয়েটিলের বন্ধুরা বিষয়টি পুরোপুরি বুঝেছে, আর তার বাবা-মা লেনা ও তার মেয়েকে উন্মুক্তভাবে পরিবারে স্বাগত জানিয়েছেন।

লেনা বলেন, ‘তারা সহজ-সরল মানুষ।’

কিন্তু যদি কেউ তাদের নিয়ে হাসাহাসি করত বা বলত যে বয়সের এই পার্থক্য অনুপযুক্ত?

কিয়েটিল বলেন, ‘আমি প্রতিক্রিয়া জানাতাম।’ যিনি দাবি করেন, তার সঙ্গীকে নিয়ে কেউ উপহাস বা সমালোচনা করলে তাদের সঙ্গে বন্ধুত্বের ইতি টানতেও তিনি প্রস্তুত ছিলেন।

আর লেনার মেয়ে? সে তার মাকে বলেছিল, ‘সে একজন প্রাপ্তবয়স্ক এবং তুমিও একজন প্রাপ্তবয়স্ক। তাই সে যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে সব ঠিক আছে।’

এমনকি সে প্রজন্মগত ব্যবধান কমাতেও সাহায্য করেছে। কিয়েটিল ও তার বন্ধুরা যে চলতি ভাষার শব্দ ব্যবহার করে, সেগুলোর অর্থ সে নিজের মাকে বুঝিয়ে দিয়েছে।

লেনা ও কিয়েটিল এখন দুই বছর ধরে একসঙ্গে আছেন। লেনা বলেন, কিয়েটিলের শান্ত স্বভাব ও স্থির মানসিকতা তার নিজের আবেগপ্রবণতা ও চাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

তিনি বলেন, ‘কখনো কখনো মনে হয় সে যেন আমার চেয়ে বেশি পরিণত, আর আমি যেন বেশি শিশুসুলভ। যদিও আমি বেশ কর্তৃত্বপরায়ণও হতে পারি।’

বিবেচনা করার মতো বিষয়

দম্পতিটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছেন এবং সম্প্রতি নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর স্টাভানগারের কাছে একটি বাড়ি কিনেছেন।

তবে বয়সের পার্থক্যের কারণে শুধু সামাজিক কুসংস্কারই নয়, আরো কিছু বিষয় নিয়েও লেনা ও কিয়েটিলকে ভাবতে হয়েছে। যেমন দুজনের মধ্যে সম্ভাব্য ক্ষমতার ভারসাম্যহীনতা, সন্তান নেবেন কি না সেই সিদ্ধান্ত এবং বার্ধক্যে তার যত্নের প্রয়োজন অনেক আগে দেখা দিলে তার প্রভাব কী হতে পারে।

নেটফ্লিক্সে ‘এইজ অব অ্যাট্রাকশন’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানের প্রিমিয়ারের পর সামাজিক মাধ্যমে এসব বিষয় আবারো আলোচনায় আসে।

ওই অনুষ্ঠানে ৪০ জন অবিবাহিত ব্যক্তি একে অপরের প্রেমে পড়েন, পরে তারা আবিষ্কার করেন যে তাদের মধ্যে বয়সের পার্থক্য উল্লেখযোগ্য।

লেনা এবং কিয়েটিল যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন, তা হলো আর্থিক পরিকল্পনা।

তারা যখন নতুন বাড়িটি কিনেছেন, তখন তারা একমত হন যে স্বল্পমেয়াদে সম্পত্তিতে লেনা বেশি অবদান রাখবেন, কারণ তিনি কিয়েটিলের আগে অবসর নেবেন।

শুরুর দিকে কিয়েটিল গৃহঋণে কম অবদান রাখবেন, তবে তিনি অবসরে পৌঁছানোর মধ্যে দুজনই সম্পত্তিতে সমান অবদান রাখবেন।

সম্পর্ক বিষয়ক মনোরোগ-চিকিৎসক সারা লুইস রায়ান বলেন এই ধরনের পরিকল্পনা করা কঠিন হতে পারে। তবে বয়সে পার্থক্য থাকা দম্পতিদের ক্ষেত্রে এটি ঠিকভাবে নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।

রায়ানা বলেন, ‘বয়সের পার্থক্য আছে এমন সম্পর্কের প্রাথমিক পর্যায়ে অনেক আবেগ থাকে। এটি খুব প্রাণবন্ত, উত্তেজনাপূর্ণ... কিন্তু পরে, যখন দুজনই বয়সে এগিয়ে যান এবং জীবনের ধাপগুলোর পার্থক্য আর উপেক্ষা করা যায় না, তখন তা সম্পর্কে বড় ধরনের চাপ সৃষ্টি করে।’

এই ধরনের দম্পতিদের এমন একটি অবসর পরিকল্পনা প্রয়োজন, যা অর্থ ও সময়—উভয় দিক থেকেই যুক্তিসঙ্গত, পরামর্শ দেন রায়ান। পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা কীভাবে একে অপরের যত্ন নেবেন, সেটিও ভাবা উচিত।

এ প্রসঙ্গে লেনা আশা করেন, তিনি সুস্বাস্থ্য উপভোগ করবেন এবং তার বিশ্বাস, কিয়েটিলকে দীর্ঘদিন পর্যন্ত ‘আমাকে দেখতে নার্সিং হোমে যেতে হবে না’।

সূত্র: বিবিসি বাংলা

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত