হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে গুঁড়িয়ে দেওয়া হবে

দুই ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

তেহরান মনে করে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সক্রিয় ভূমিকা পালন করছে। এখন স্থল অভিযান চালানো হলে আমিরাতের রাষ্ট্রীয় সম্পদের ওপর ব্যাপক হামলা চালানো হবে। ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে মিডল ইস্ট আই।

যুদ্ধ শুরুর পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। এখন এই প্রণালি খোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল হামলার পরিকল্পনা করছেন।

আশঙ্কা করা হচ্ছে, মার্কিনিদের স্থল হামলার টার্গেট হবে খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তাদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করে।

আর মার্কিনিদের স্থল হামলা শুরু হতে পারে উপসাগরীয় আরব দেশগুলো থেকে। যেগুলোতে যুদ্ধের প্রথম থেকেই অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, আমিরাত এখনই তাদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

এক কর্মকর্তা বলেছেন, ইরান এখন বুঝতে পেরেছে, আমিরাত শুধু মার্কিন সেনাদের ঘাঁটি দিয়েই বসে নেই, তারা এর চেয়েও বেশি সাহায্য করছে। এ কারণে ইরান সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের প্রতি আর সহনশীল থাকবে না।

তিনি বলেছেন, ‘ইরানের গোয়েন্দারা বিশ্বাস করে, আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে নিজেদের কিছু আকাশশক্তি যুক্তরাষ্ট্রকে দিয়েছে।’

এই কর্মকর্তা আরো বলেছেন, ওমানে ইসরাইল হামলা চালিয়ে ইরানের ওপর দায় চাপিয়েছে।

অপর এক কর্মকর্তা বলেছেন, নিজস্ব গোয়েন্দা তথ্য ও রাশিয়ার কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা অত্যাসন্ন। অর্থাৎ, যে কোনো সময় হামলা হতে পারে। আর এ হামলা চালানো হবে আমিরাত থেকে।

তিনি বলেছেন, বিশেষ করে বাহরাইন ও আমিরাত থেকে হামলা হলেও তারা এতদিন দেশগুলোর নিজস্ব অবকাঠামোয় হামলা চালায়নি। এর বদলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। কিন্তু এখন আমিরাত থেকে যদি স্থল হামলা হয়, তাহলে দেশটিকে সরাসরি ‘শত্রু’ হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তখন হামলা শুধু সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না। হামলা হবে সরকারের মালিকানাধীন বেসামরিক স্থাপনায়ও।

আর এ ব্যাপারে আমিরাতকে ইতিমধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সৌদি আরব ১০টি ড্রোন প্রতিহত করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রকাশ্যে আলোচনার ডাক আর গোপনে চলছে হামলার ষড়যন্ত্র

হামলায় তেহরানের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত

তেহরানে ইসরাইলি হামলা: আল আরাবি টিভির কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা

মিশরে সব দোকানপাট, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাতে বন্ধের নির্দেশ

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে প্রথম পোস্টে যে বার্তা দিলেন মাদুরো

ইসরাইলের হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় ইরানের নিন্দা

কেনিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১০৮

ইরানে এক দিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি