হোম > বিশ্ব

এআইয়ের লাগাম টানতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব

আমার দেশ অনলাইন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ যেন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে ২০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। এআই ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড তৈরি ও তা বাস্তবায়ন তদারকিতে একটি বৈশ্বিক সংস্থা গঠনের সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাবও দিয়েছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে এআইয়ের দ্রুত অগ্রগতি ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বনেতাদের আলোচনার প্রস্তুতির মধ্যেই সোমবার যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের কার্যালয় থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এআই প্রযুক্তি অবশ্যই আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন করতে হবে। একই সঙ্গে এআইয়ের ওপর মানুষের নির্দেশনা, নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি।

এ লক্ষ্যে বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন মানদণ্ড প্রণয়ন ও সমন্বয়, বড় ধরনের এআই নিরাপত্তা ঘটনার তথ্য আদান-প্রদান এবং একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবিত বৈশ্বিক প্রতিষ্ঠানটি এআইয়ের সক্ষমতা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ ও সেগুলো যাচাই করতে পারে। পাশাপাশি এআই নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা ও সমন্বয়ের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। তবে বিশ্বের দুই প্রধান এআই শক্তি যুক্তরাষ্ট্র ও চীন এতে সই করেনি। ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য ও ফ্রান্সও স্বাক্ষরকারীদের তালিকায় নেই। অবশ্য পরবর্তী সময়ে অন্য দেশগুলোর জন্যও বিবৃতিতে স্বাক্ষরের সুযোগ রাখা হয়েছে।

এদিকে এআইয়ের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি প্রযুক্তি খাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তার এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং স্পেসএক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক।

সোমবার ওপেনএআইও উন্নত এআই প্রযুক্তির জন্য আন্তর্জাতিক কারিগরি মানদণ্ড তৈরিতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এআই প্রযুক্তি পরিচালনার বৈশ্বিক কাঠামো নির্ধারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

একই দিনে জাতিসংঘ-সমর্থিত স্বাধীন আন্তর্জাতিক এআই বৈজ্ঞানিক প্যানেলও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের তাগিদ দিয়েছে। প্যানেলটির মতে, জুলাইয়ে ওপেনএআইয়ের পরীক্ষাধীন এআই এজেন্ট ব্যবহার করে এআই স্টার্টআপ হাগিং ফেসে সাইবার হামলার ঘটনা বর্তমান নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাগুলো সামনে এনেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

সিরিয়ায় ৫০০ বিমান হামলা চালিয়েছে ইসরাইল: প্রেসিডেন্ট আল-শারা

জাতিসংঘে দাঁড়িয়ে নিজ দেশের নাম পরিবর্তনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট

জাতিসংঘে এরদোয়ানের কবিতা আবৃত্তি, কাঁদলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর সক্ষমতা বাড়িয়ে শক্তিশালী হচ্ছে চীন

ভারতে কি আবারো বিজেপিকে জেতানোর নীলনকশা চলছে

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন