শেষ মুহূর্তের আলোচনা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করা থেকে সরে এসেছে কানাডা। এর পরিপ্রেক্ষিতে কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্ক প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে প্রযোজ্য হবে, যা যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির প্রায় ৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, এই সপ্তাহের শুরুতে সম্মত হওয়া শর্ত অনুযায়ী বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা ।
তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তাবলীতে শেষ মুহূর্তের পরিবর্তনগুলো ছিল অন্যায্য ও অলাভজনক এবং এটি যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
কার্নি জানান, কানাডীয় শ্রমিক ও ব্যবসায়ীদের সহায়তায় শিগগিরই নতুন পদক্ষেপ ঘোষণা করবে তার সরকার।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বছরে প্রায় ৮৮০ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা বাণিজ্য হয়। দীর্ঘদিনের মিত্র দুই দেশের মধ্যে সীমান্ত প্রায় পাঁচ হাজার ৫২৫ মাইল দীর্ঘ এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও পণ্য সীমান্ত পারাপার করে।
ট্রাম্পের কানাডা নীতি দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বড় ধরনের বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে।
কানাডার মোট পণ্য রপ্তানির প্রায় ৭২ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর হওয়ায় নতুন শুল্ক কানাডার ব্যাবসা ও শ্রমবাজারে চাপ তৈরি করতে পারে। অন্যদিকে, মার্কিন আমদানিকারকদের ওপর শুল্কের বোঝা পড়ায় পণ্যের দাম বাড়তে পারে—যা নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: এনডিটিভি
আরএ