যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। এতে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি উঠেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৬৭ ডলারে।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এদিন এর দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৫৬ ডলারে উঠেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কার প্রভাবেই মূলত বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে।
মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী অঞ্চল। ফলে এ অঞ্চলে সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রভাব পড়ে তেলের দামে।
গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ।
এর ফলে ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর এবারই ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের ওপর কী ধরনের প্রভাব পড়ে, এখন সেটিই নজরে রয়েছে বাজারসংশ্লিষ্টদের।
এএম