গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিন ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। গাজা সিটির ভেতর তাদের আনুষ্ঠানিকভাবে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।
রোববার হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা বিলম্ব হয়।
চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরাইলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রেড ক্রস আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, ইসরায়েলি তিন জিম্মিকে তাদের কাছে স্থানান্তর করা হয়েছে। তারা (রেডক্রস) গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা সংস্থার সদস্যদের কাছে জিম্মিদের পৌঁছে দিয়েছে।
উল্লেখ্য, গাজায় প্রায় ১৫ মাস ধরে বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা ও মধ্যস্থতা। আমেরিকা, কাতার ও মিসরের মধ্যস্থতায় অবশেষে সফলতার মুখ দেখেছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েল সরকার হামাসের সঙ্গে নতুন চুক্তি করে। গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদনের ফলে রোববার থেকে শুরু হয়েছে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়। সূত্র: আল জাজিরা