হোম > বিশ্ব

ন্যাটো সদস্য দেশে কয়েক মাসের মধ্যেই হামলা চালাতে পারে রাশিয়া: ডেনমার্ক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সীমিত সামরিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলোর সাম্প্রতিক সতর্কবার্তাগুলোর মধ্যে এটিকে অন্যতম কঠোর সতর্কতা হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, ন্যাটোর অবকাঠামোয় রাশিয়ার দূরপাল্লার হামলা চালানো কিংবা প্রতিবেশী কোনো দেশে স্বল্পসংখ্যক সেনা নিয়ে সীমিত অনুপ্রবেশের ঝুঁকি কম হলেও তা বাড়ছে। এসব সেনা পরিচয়চিহ্ন ছাড়াই অভিযান চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘণ্টা আগে পোল্যান্ডের মাজোভিয়া অঞ্চলে একটি স্টারলিংক স্যাটেলাইট স্টেশনে আগুন লাগে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ক্রজিসতোফ গাওকোভস্কি বলেন, আগুনটি ইচ্ছাকৃতভাবে স্টেশনটি অচল করে দেওয়ার উদ্দেশ্যে লাগানো হয়েছিল। এতে ইউক্রেনের সামরিক বাহিনীসহ কয়েকটি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়।

তবে আগুনের জন্য কে দায়ী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাওকোভস্কি বলেন, এর সঙ্গে রাশিয়ার নতুন ধরনের হামলার কৌশলের যোগসূত্র থাকার অনেক ইঙ্গিত রয়েছে। তাঁর মতে, ঘটনাটি ইউরোপে চলমান ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হতে পারে।

ইউক্রেনের সামরিক যোগাযোগে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউক্রেনকে সহায়তা করা ইউরোপীয় অবকাঠামোয় রাশিয়ার সম্ভাব্য নাশকতা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনা তদন্ত করা হচ্ছে। এর মধ্যে জার্মানিতে লাইপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এবং ড্রোন কারখানা ও রেল অবকাঠামোয় অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনাও রয়েছে। এসব ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ মস্কো অস্বীকার করেছে।

ডেনমার্কের গোয়েন্দা সংস্থাটি বলছে, আগামী কয়েক মাসে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া আরও গুরুতর পরিণতি ডেকে আনতে পারে—এমন হাইব্রিড হামলা বাড়াতে পারে। এর মধ্যে সামাজিক কার্যক্রম অচল করে দিতে সক্ষম সাইবার হামলা এবং প্রাণহানির উচ্চ ঝুঁকিসম্পন্ন নাশকতামূলক কর্মকাণ্ড থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এমন কর্মকাণ্ডের একটি লক্ষ্য হতে পারে ইউক্রেনকে সহায়তা থেকে ইউরোপীয় দেশগুলোর সম্পদ সরিয়ে নেওয়া এবং ন্যাটো কোনো যৌথ প্রতিক্রিয়ায় একমত হতে ব্যর্থ হলে জোটের অভ্যন্তরীণ বিভাজন আরও বাড়ানো।

তবে ডেনমার্কের গোয়েন্দা সংস্থা মনে করে, রাশিয়া ন্যাটোর কোনো দেশে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন চালাবে—এমন সম্ভাবনা এখনো খুবই কম। যদিও এমন পরিস্থিতি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

সংস্থাটি আরও সতর্ক করেছে, রাশিয়া ন্যাটোর আর্টিকেল ৫-এর প্রতিশ্রুতি পরীক্ষা করার চেষ্টা করতে পারে। এ ধারায় কোনো সদস্যের ওপর হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করে সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার রয়েছে।

বিশেষ করে মস্কো যদি মনে করে, সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সহায়তায় এগিয়ে আসতে পারবে না বা চাইবে না, তাহলে রাশিয়ার এমন ঝুঁকি নেওয়ার আশঙ্কা বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইউরোপে উদ্বেগও রয়েছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো গত সপ্তাহে ন্যাটোর আর্টিকেল ৫ নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, কোনো একটি ধারার কারণে তাঁর দেশকে সামরিক সংঘাতে জড়াতে চান না।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের বাইরেও মলদোভা, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর জন্য হুমকি হয়ে আছে। দক্ষিণ ককেশাস ও মধ্য এশিয়ার দেশগুলোর সার্বভৌমত্বের প্রতিও মস্কোর কোনো সম্মান নেই বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, পুতিন যত বেশি স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবেন, বিশ্বের অন্যদের জন্য ঝুঁকি তত বাড়বে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএমআর

ভারতে মুসলিম কর্মকর্তাদের বাদ দেওয়ার খবর প্রকাশ, সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরো একঘরে করেছে: বিশ্লেষক

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা ম্যাক্রোঁর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই বেরিয়ে গেলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিশ্চিহ্ন করতে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ চলছে: জর্ডান

নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে ফিরলেন এমএস নাও, সিএনএন ও পলিটিকোর সাংবাদিকরা

হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে, শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প-শি, আলোচনায় বাণিজ্য-প্রযুক্তি-নিরাপত্তা

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা