হোম > বিশ্ব

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় বেসিকতাস সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ

আলজাজিরা

ছবি: এপি

ফিলিস্তিনের পতাকা ওড়ানোকে কেন্দ্র করে তুরস্কের ফুটবল ক্লাব বেসিকতাসের সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার জর্জিয়ার বাতুমি শহরে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ইসরাইলের ক্লাব হাপোয়েল বেয়ারশেভার বিপক্ষে খেলতে নামে বেসিকতাস। ম্যাচের ২৬ মিনিটে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা ওড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে আবার খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় বেসিকতাস।

তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার পুলিশ গ্যালারিতে ঢুকে বেসিকতাস সমর্থকদের লক্ষ্য করে মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করে। এ পরিস্থিতিতে ম্যাচের ডেনিশ রেফারি মর্টেন ক্রগ খেলা বন্ধ করে দেন। তখন দুই দলের কেউই গোল করতে পারেনি। স্কোর ছিল ০-০।

নিরাপত্তার কারণে ইস্তাম্বুলে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে তুরস্কের কর্তৃপক্ষ জানালে উয়েফা খেলাটি জর্জিয়ার বাতুমি শহরে সরিয়ে নেয়। হাপোয়েল বেয়ারশেভার আগের দুটি অ্যাওয়ে ম্যাচে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে বেসিকতাসের বিপক্ষে ম্যাচে দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ ছিল।

ম্যাচের আগে ও চলাকালে সমর্থকদের ওপর জর্জিয়ার নিরাপত্তা বাহিনী ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে বেসিকতাস। এক বিবৃতিতে তুরস্কের ক্লাবটি বলেছে, ‘আমাদের সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সব সমর্থকের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তুরস্কের ফুটবল ফেডারেশনও বেসিকতাস সমর্থকদের সঙ্গে পুলিশের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, সমর্থকদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ ও বৈষম্য করা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

বেসিকতাস সমর্থকদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে তুরস্কের সুপার লিগের আরো কয়েকটি ক্লাব। এর মধ্যে রয়েছে ট্রাবজনস্পোর, ফেনেরবাচে, গালাতাসারাই, এরজুরুমস্পোর, বাসাকশেহির ও সামসুনস্পোর।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শুরুর আগে বেসিকতাসের খেলোয়াড়েরা হাপোয়েল বেয়ারশেভার খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান।

ম্যাচ শেষে বেসিকতাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, গ্যালারিতে সমর্থকদের হাতে একটি ব্যানার নিয়ে খেলোয়াড়েরা ছবি তুলছেন। ব্যানারে লেখা ছিল, ‘দখলদারত্বের বিরুদ্ধে জেগে ওঠো। ফিলিস্তিনের স্বাধীনতা চাই।’

কূটনৈতিক পর্যায়ে আলোচনা

ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে তুরস্ক ও জর্জিয়ার মধ্যে কূটনৈতিক পর্যায়েও আলোচনা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি এ বিষয়ে জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সমর্থকদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে তুরস্কের উদ্বেগের কথা জানান তিনি।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুস্তাফা চিফচি তুরস্কের সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সমর্থকেরা যাতে নিরাপদে তুরস্কে ফিরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলি তাকে জানিয়েছেন, উয়েফার কর্মকর্তারা সমর্থকদের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা জব্দ করেছিলেন। এ ক্ষেত্রে জর্জিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো ভূমিকা ছিল না বলেও তিনি দাবি করেন।

এএম

স্পেনে উত্থান হচ্ছে কট্টর ডানপন্থিদের

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার দায় অস্বীকার করল ইরান

হুথিদের হামলায় সৌদির বৃহত্তম তেল শোধনাগারে আগুন, নিহত ১

পূর্ণ নিয়ন্ত্রণে হরমুজ, এবার মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি ইরানের

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার পেলেন নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম

কুয়েতে ইরানি ড্রোন হামলায় নিহত দুই ইতালীয় নাগরিক

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান: আরাগচি

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি পেল স্পেসএক্স, রাতের আকাশ নিয়ে উদ্বেগ