ট্রাম্পের অভিষেক
২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। জাকজমকপূর্ণ এই অভিষেক অনুষ্ঠান বরাবরই অনুষ্ঠিত হয়ে আসছে ক্যাপিটল ভবনের বাইরে। কিন্তু এবার সেই প্রথা ভেঙে অনুষ্ঠান হবে ভবনের রোটুন্ডার বা ইনডোরে। আর এর বড় কারণ হলো বৈরী আবহাওয়া। সেদিন ওয়াশিংটন ডিসির তাপমাত্রা থাকবে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস বা ১২ ডিগ্রি ফারেনহাইট যা আরও কমতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। বৃহত্তর মেরু ঘূর্ণির অংশ হিসেবে দেশটিতে সেদিন তাপমাত্রার অবনতি হবে।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টসহ বিশ্বের অনেক দেশের সরকারপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে অতিথিদের নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের রদবদল বলে জানিয়েছে অনুষ্ঠান আয়োজক দল।
১৯৮৫ সালে তীব্র শীতের কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ইনডোরে। ৪০ বছর পর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হিমায়িত তাপমাত্রার মধ্যে কোনো অতিথির অসুস্থতা বা আগত হওয়া দেখতে চান না তিনি। এটি শুধু অতিথি নয়, কয়েক লাখ আইনপ্রয়োগকারী সদস্য, পুলিশবাহিনী, ভক্ত-সমর্থক এমনকি প্যারেডে অংশ নেওয়া ঘোড়াও যাতে অক্ষত থাকে তা-ই এই ব্যবস্থা।
উদ্বোধনী কুচকাওয়াজটি ওয়াশিংটনের শহরতলিতে প্রায় এক মাইল দূরে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান এরিনায় তিনটি উদ্বোধনী বলসহ ঘরের ভেতরেও অনুষ্ঠিত হবে। ক্যাপিটল ওয়ান এরিনা থেকে উদ্বোধনী ভাষণ সরাসরি দেখার জন্যও উন্মুক্ত থাকবে। ট্রাম্প জানিয়েছেন, তার সমর্থকরা একটি স্টেডিয়াম থেকে স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পারবেন। যেখানে ২০ হাজার মানুষ অবস্থান করতে পারবে।
উদ্বোধনের আগে, আয়োজকরা বলেছিলেন যে, ইউএস ক্যাপিটলের প্রাঙ্গণে অনুষ্ঠান দেখার জন্য প্রায় ২ লাখ ২০ বিশ হাজার টিকিট বিতরণ করা হবে। যাদের টিকিট ছিল না তারাও ন্যাশনাল মলে অনুষ্ঠানগুলো দেখতে সক্ষম হবেন।
এদিকে, অভিষেক অনুষ্ঠানে অতিথির তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ট্রাম্প বলেছেন, রোববার তার সমাবেশ এবং সোমবার সন্ধ্যায় তিনটি পৃথক আনুষ্ঠানিক উদ্বোধনী বলসহ অন্য উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনা অনুসারে অনুষ্ঠিত হবে।