যুদ্ধ শেষ হলেও ইরানে থেকে যেতে পারে যুক্তরাষ্ট্র বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দেশটির তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। এ প্রসঙ্গে তিনি ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগের বিষয়টি তুলে ধরেন।
আয়ারল্যান্ড সফরে ট্রাম্প বলেন, চলতি বছরই ইরান যুদ্ধের অবসান হবে বলে তিনি প্রত্যাশা করছেন। তার মতে, যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেও যুদ্ধের অবসান হতে পারে।
আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আরো বলেন, ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম দ্রুতগতিতে নিচে আসবে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার আবারও তেলের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন তেল ব্যবসায়ীরা।
ট্রাম্প বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করতে চান। ‘ভালো নয়’ এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন না। তার দাবি, ইরান শান্তি আলোচনা শুরুর জন্য ক্রমাগত যোগাযোগ করছে। তবে এর আগে তেহরান ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে।
আর এর মধ্যেই ইরান নিয়ে আরেকটি সম্ভাবনার কথা তুলে ধরেন ট্রাম্প। আর তা হলো-(যুদ্ধ শেষ হলেও) দেশটির সঙ্গে যুক্ত থেকে সেখানে অবস্থান করা। এ ক্ষেত্রে তিনি আগস্টে ঘোষিত ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির উদাহরণ টানেন।
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে চলে আসব। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান করে তেল নিজেদের দখলে রাখার সিদ্ধান্ত নিলে বিষয়টি আলাদা।’
তিনি আরো দাবি করেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের পাওয়া রাজস্ব যুদ্ধের অনেক খরচ উঠে এসেছে।
সূত্র: রয়টার্স
আরএ