প্রবল শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ–এর দিকে এগিয়ে আসছে। ইতোমধ্যে টাইফুনের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অনেক পরিকল্পনাই স্থগিত হয়েছে। গুয়াম ও নর্দার্ন মারিয়ানা—উভয় প্রশাসনই জরুরি অবস্থা ঘোষণা করেছে।
যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় টাইফুনটি দ্বীপপুঞ্জের কয়েকশ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। এর স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ২৫৯ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি পৌঁছায় ঘণ্টায় ৩১৪ কিলোমিটারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য।
জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, বর্তমান পূর্বাভাস মারিয়ানা দ্বীপপুঞ্জের জন্য উদ্বেগজনক। গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের সব বাসিন্দার অন্তত ক্রান্তীয় ঝড়ের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।
প্রায় দুই লাখ জনসংখ্যার এই দ্বীপাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে জ্বালানি স্টেশন, হার্ডওয়্যার দোকান ও সুপারমার্কেটে ভিড় বেড়েছে। মানুষ খাবার, বোতলজাত পানি, প্লাইউড, ব্যাটারি, মোমবাতি ও অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহ করছেন।
নর্দার্ন মারিয়ানার কাগম্যান ভিলেজের বাসিন্দা জেফ গার্সিয়া বলেন, আমাদের কাছে নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগেও সুপার টাইফুন মোকাবিলা করেছি। পানি, মোমবাতি, ব্যাটারি ও টিনজাত খাবারের মতো প্রয়োজনীয় জিনিস কিনেছি। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, প্রস্তুতি ও শৃঙ্খলা।
টাইফুনের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অনেক পরিকল্পনাই স্থগিত হয়েছে। গুয়াম ও নর্দার্ন মারিয়ানা—উভয় প্রশাসনই জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এদিকে, প্যাসিফিক আইল্যান্ডস ক্লাব সাইপান রিসোর্টের কর্মীরা জানালায় কাঠের তক্তা লাগানো, বাইরের আসবাব ও সরঞ্জাম নিরাপদে রাখা, অ্যালার্ম ব্যবস্থা পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী মজুত করার কাজ করছেন।
রিসোর্টটির স্পোর্টস, বিনোদন ও কার্যক্রম ব্যবস্থাপক রেমার্ক কাস্ত্রো বলেন, আমরা সবাই মিলে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছি এবং ঝড় চলে যাওয়ার পর দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
সূত্র: আল আরাবিয়্যা।