যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ময়নাতদন্তের ছবি ও চিকিৎসা পরীক্ষার নথি বিশ্লেষণ করে এক ফরেনসিক বিশেষজ্ঞ দাবি করেছেন, এপস্টেইন আত্মহত্যা করেননি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান এ দাবি করেন। তার মতে, এপস্টেইনকে সম্ভবত পেছন থেকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করা হয়েছিল। পরে একই ফাঁস ব্যবহার করে তার মরদেহ বিছানার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
সোমবার সন্ধ্যায় লন্ডনে নিজের গবেষণার ফলাফল উপস্থাপনের পাশাপাশি নিউইয়র্কের মেডিকেল এক্সামিনারের নথি প্রকাশ করেন ফ্রিম্যান।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের কারাকক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টেইনকে। তখন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন তিনি।
এপস্টেইনের মৃত্যুর পর ওই সময় ময়নাতদন্ত পরিচালনাকারী নিউইয়র্কের প্রধান মেডিকেল এক্সামিনার ডা. বারবারা স্যাম্পসন জানিয়েছিলেন, তার শরীরের আঘাতগুলো আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হত্যাকাণ্ডের ক্ষেত্রে সাধারণত যে ধরনের আত্মরক্ষামূলক আঘাত দেখা যায়, সেগুলোরও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে ফ্রিম্যান তার বিশ্লেষণে ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এপস্টেইনের বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণের চিহ্ন এবং মুখে আঘাতের মতো কিছু ক্ষত রয়েছে, যা তার কাছে শারীরিক হামলার ইঙ্গিত বলে মনে হয়েছে।
তার দাবি, এপস্টেইনের গলার ফাঁসের দাগের ওপরে নখের আঁচড়ের মতো চিহ্নও দেখা যায়। তার মতে, পেছন থেকে শ্বাসরোধ করার সময় ভুক্তভোগী গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করলে এ ধরনের দাগ তৈরি হতে পারে।
ফ্রিম্যান বলেন, মরদেহের আঘাতের ধরন এবং যেভাবে সেটি পাওয়া গেছে, তার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। তার বিশ্লেষণে এসব আলামত আত্মহত্যার পরিবর্তে হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে।
তবে ফ্রিম্যান নিজে এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি। তার বিশ্লেষণ মূলত ময়নাতদন্তের নথি ও ছবি নির্ভর। এসব নথি তাকে সরবরাহ করেছেন এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন। শুরু থেকেই তিনি দাবি করে আসছেন, তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
ফ্রিম্যান জানিয়েছেন, তার গবেষণা সম্পূর্ণ স্বাধীনভাবে করা হয়েছে এবং এ জন্য মার্ক এপস্টেইনের কাছ থেকে তিনি কোনো অর্থ নেননি। তবে তাঁর গবেষণা এখনো অন্য বিশেষজ্ঞদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্যালোচিত বা পিয়ার রিভিউ হয়নি।
ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য ভিন্ন
ফ্রিম্যানের দাবির সঙ্গে একমত নন এপস্টেইনের মূল ময়নাতদন্ত পরিচালনাকারী চিকিৎসক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়কে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, এপস্টেইনের শরীরের আঘাতগুলো শ্বাসরোধ করে হত্যার চেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
তার মতে, শ্বাসরোধ করে হত্যার শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত যে ধরনের আত্মরক্ষামূলক আঘাত দেখা যায়, এপস্টেইনের শরীরে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ময়নাতদন্তের সিদ্ধান্তের বিষয়ে নিজের অবস্থানে এখনো অনড় রয়েছেন তৎকালীন প্রধান মেডিকেল এক্সামিনার বারবারা স্যাম্পসন। এর আগে তিনি বলেছিলেন, এপস্টেইনের মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণে তাদের সিদ্ধান্তের প্রতি তিনি দৃঢ়ভাবে আস্থাশীল। এ বিষয়ে নতুন করে তার বক্তব্য জানতে যোগাযোগ করেছে বিবিসি।
কারাগারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন
এপস্টেইনের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তেও কারাগারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছিল।
বিচার বিভাগের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কারারক্ষী এপস্টেইনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আরেক সহকর্মীকে ডাকেন। এরপর তারা তার মরদেহ নিচে নামিয়ে এনে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন।
মৃত্যুর প্রায় এক মাস আগে এপস্টেইনকে আত্মহত্যার ঝুঁকি বিবেচনায় কিছু সময়ের জন্য বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল বলেও বিচার বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফ্রিম্যানের মতে, কারাগারে ফাঁসিতে ঝুলে মৃত্যুর ঘটনা তদন্তের ক্ষেত্রে মরদেহ নামানোর আগেই তার ছবি তোলা উচিত ছিল। এ ক্ষেত্রে এমন ছবি থাকার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
তবে এপস্টেইনকে কে হত্যা করে থাকতে পারে, এমন প্রশ্নের জবাবে কোনো ব্যক্তির নাম বলতে পারেননি ফ্রিম্যান। তিনি বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই এবং এটি তাঁর পরিচালিত কোনো তদন্তের অংশও নয়।
তার বক্তব্যকে ষড়যন্ত্রতত্ত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ফ্রিম্যান বলেন, তার বিশ্লেষণ নিয়ে অন্যদেরও স্বাধীনভাবে পর্যালোচনার সুযোগ রয়েছে। তিনি ভুল হলে তা প্রমাণ করার আহ্বান জানান। একজন গবেষক হিসেবে যুক্তিসংগত ও তথ্যভিত্তিক সমালোচনা শুনতে তিনি প্রস্তুত বলেও জানান।
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন। তবে একটি সমঝোতার কারণে সে সময় বড় ধরনের কারাদণ্ড এড়াতে সক্ষম হন তিনি। পরে তাকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত করা হয়।
এরপর ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে আবারও গ্রেপ্তার হন তিনি। ওই মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকার সময়ই নিউইয়র্কের কারাগারে তার মৃত্যু হয়। তবে নতুন এই ফরেনসিক বিশ্লেষণ এপস্টেইনের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ করে না। সরকারি ময়নাতদন্তের সিদ্ধান্ত এখনো আত্মহত্যা।