হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধনীতির তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এই যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে বলেছেন, এমন যুদ্ধের দাবি কেউ জানায়নি। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক সমাবেশে ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যার প্রয়োজন কেউ অনুভব করেনি।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাব ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ইরানে হামলার পর তেহরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়।

ওবামার বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি সাবেক প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেন এবং ইরানের সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টানেন।

ট্রাম্প লেখেন, ওবামা ছিলেন ‘চরম অযোগ্য’ প্রেসিডেন্ট। তার অভিযোগ, ওবামা ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিলেন এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন।

ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি ওবামার প্রেসিডেন্ট থাকাকালে সম্পাদিত হয়। ওই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে ট্রাম্প দীর্ঘদিন ধরে চুক্তিটির বিরোধিতা করে আসছেন।

আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওবামা ও ট্রাম্পের এই পাল্টাপাল্টি বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান যুদ্ধের গুরুত্ব তুলে ধরেছে। একই সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, জ্বালানি বাজারের অস্থিরতা এবং পররাষ্ট্রনীতির সিদ্ধান্তগুলোও নির্বাচনি বিতর্কের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে লুলা ও বলসোনারো

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মুহাম্মদ ও মরিয়ম নামের জনপ্রিয়তা বাড়ছে

নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন

ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানালেন বারাক ওবামা

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

১৫ বছর বয়সে পুরো কুরআন পড়েছেন চেলসি ক্লিনটন, বাবাকেও পড়তে বলেছেন

সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াত উল্লেখ করে যা বললেন বিল ক্লিনটন

কেন ইলহান ওমরের নাম নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে প্রথম ১০০ ঘণ্টায় ট্রাম্পের নীতি বদলাতে চান ডেমোক্র্যাটরা