যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে ছাড়িয়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটি একাধিক যানবাহনে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
রোববার স্থানীয় সময় বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে আসা বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায়। এটি ছিল প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮। বিমানটি ‘টুয়েন্টিওয়ান এয়ার’ পরিচালনা করছিল।
মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভাইন কাভা জানান, রানওয়ে ছাড়িয়ে যাওয়ার পর বিমানটি একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে বিমানটিতে আগুন ধরে যায়।
মায়ামি-ডেড ফায়ার রেসকিউ প্রধান রে জাদ্দাল্লাহ জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। অন্য দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন।
আগুন নেভানো ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৬০টির বেশি ইউনিট অংশ নেয়। প্রায় ২০০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করেন। বিমানটির ভেতর ও ক্ষতিগ্রস্ত যানবাহন থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালানো হয়।
দুর্ঘটনার পর মায়ামি বিমানবন্দরের সব রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আগত ফ্লাইটের জন্য গ্রাউন্ড স্টপও জারি করা হয়। পরে বিমানবন্দরের চারটি রানওয়ের মধ্যে দুটি আবার চালু করা হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এনটিএসবি চেয়ারম্যান জেনিফার হোমেন্ডির নেতৃত্বে একটি দল ঘটনাটি তদন্ত করছে। অ্যামাজন জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।
সূত্র: আনাদোলু
এএম