হোম > বিশ্ব > আমেরিকা

ফ্লাইট ৬৫৫ থেকে আজও যুক্তরাষ্ট্রে দায়মুক্তির সংস্কৃতি বহাল

জাতিসংঘে ইরানের অভিযোগ

আমার দেশ অনলাইন

ডানে ১৯৮৮ সালে ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ ভূপাতিতের হরমুজ প্রণালী থেকে বিমানের উদ্ধারকৃত ধ্বংসাবশেষের টুকরো। বামে, ২০২৬ সালে ইরানের মিনাবে স্কুলে বিমান হামলায় নিহতদের জন্য প্রস্তুকৃত কবর।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন ১৯৮৮ সালে ইরানের এয়ার ফ্লাইট ৬৫৫ ভূপাতিতের ঘটনায় দায় স্বীকার না করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দায়মুক্তির সংস্কৃতি’ তৈরির অভিযোগ তুলেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের মিশন জানায়, ‘১৯৮৮ সালের ৩ জুলাই মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরের আকাশে ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ গুলি করে ভূপাতিত করে। এতে ৬৬ শিশুসহ ২৯০ জন বেসামরিক যাত্রী নিহত হন। জবাবদিহির পরিবর্তে সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট অভিযানে জড়িত নৌসদস্যদের পদক দিয়েছিলেন।’

পোস্টে আরও বলা হয়, ‘এই কারণেই আজও দায়মুক্তির সংস্কৃতি বহাল রয়েছে। ফ্লাইট ৬৫৫ থেকে শুরু করে মিনাবে একটি স্কুলে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ স্কুলশিশু নিহত হওয়ার ঘটনাতেও যুক্তরাষ্ট্র তার কর্মকাণ্ডের জবাবদিহি করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।’

এদিকে, শুক্রবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘৩ জুলাই সেই অপরাধের স্মারক, যেদিন যুক্তরাষ্ট্র ৬৬ শিশুসহ ২৯০ নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।’

তিনি আরও বলেন, এই অপরাধ ইরানি জাতির স্মৃতি থেকে কখনও মুছে যাবে না। বিমান ভূপাতিত করার পর দ্বিতীয় অপরাধ ছিল—দায় স্বীকার না করা, আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া এবং অভিযুক্ত যুদ্ধজাহাজের কমান্ডারকে পদক দেওয়া।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ সর্বশেষ অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এমএমআর

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে কী ঘটতে পারে

‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে ফিলিস্তিনপন্থি আন্দোলন’

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

ব্রাজিলের নির্বাচনে লুলার জয় মেনে নিল বলসোনারোর দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থের খেলা, ইলন মাস্ক ছাড়াও শীর্ষে আছেন যারা

ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর

লুলার জয় মানতে পারছেন না ট্রাম্প, নির্বাচনকে বললেন কারচুপিপূর্ণ

মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ, বললেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

ইসরাইলি পতাকা পায়ে পিষলেন কলম্বীয় র‌্যাপার, দিলেন ‘মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান