যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিদেশি প্রভাব বিস্তারকারী তিনটি সন্দেহভাজন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এসব নেটওয়ার্কের সঙ্গে ইরান, রাশিয়া ও চীনের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।
এক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগ সম্প্রতি এক পোস্টে এ তথ্য জানায়। তবে বন্ধ করা অ্যাকাউন্টগুলোর মধ্যে কোন দেশের সঙ্গে কতটি অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
এক্সের বিবৃতি অনুযায়ী, এসব নেটওয়ার্কের অ্যাকাউন্টগুলো ভুয়া পরিচয়ে পরিচালিত হচ্ছিল। সেগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে বিভিন্ন পোস্ট প্রকাশ ও সেসবের প্রচার বাড়ানো হতো। রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পক্ষের প্রার্থী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে এসব কার্যক্রম পরিচালিত হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্ল্যাটফর্মটির নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এক্স। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের নিরাপত্তা দল বিভিন্ন ধরনের শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘনকারী কার্যক্রম চিহ্নিত ও বন্ধে কাজ করছে।
এক্স আরো জানায়, স্প্যাম ছড়ানো নেটওয়ার্ক কিংবা সমন্বিতভাবে ভুয়া পরিচয়ে পরিচালিত প্রভাব বিস্তারকারী গোষ্ঠী—উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের ‘অথেনটিসিটি পলিসি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্ল্যাটফর্মটির অখণ্ডতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে এমন সমন্বিত কর্মকাণ্ড বন্ধে তারা সক্রিয় রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় প্রভাব বিস্তারের অভিযোগে ইরান-সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে এক্স। তবে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা ওই নেটওয়ার্কের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
সূত্র: আল জাজিরা
আরএ