হোম > বিশ্ব > আমেরিকা

তেল অবরোধে অন্ধকারে কিউবা, দখলের হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের কঠোর তেল অবরোধের প্রেক্ষাপটে দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবে গেছে কিউবা। এমন পরিস্থিতিতে দেশটিকে ‘দখল’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে কিউবাকে “মুক্ত” বা “দখল”—যেকোনো পদক্ষেপই নিতে পারে। তিনি দাবি করেন, বর্তমানে কিউবা অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে প্রায় ৯৬ লাখ মানুষের এই ক্যারিবীয় দ্বীপজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন নাসিওনাল ইলেকট্রিকা (ইউএনই) জানায়, জাতীয় গ্রিড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ চলছে।

কিউবার পুরোনো বিদ্যুৎ অবকাঠামো ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অনেক এলাকায় প্রতিদিন ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। তেল আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ খাত কার্যত অচল হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে পরিবহন ও পর্যটন খাতেও।

ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র কার্যত কিউবার ওপর তেল অবরোধ জারি রাখে, যার ফলে জানুয়ারির শুরু থেকে দেশটিতে তেল আমদানি বন্ধ রয়েছে।

অর্থনৈতিক চাপ সামাল দিতে কিউবা সরকার কিছু নীতিগত পরিবর্তন এনেছে। প্রবাসী কিউবানদের দেশে বিনিয়োগ ও ব্যবসার মালিক হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী অস্কার পেরেজ-ওলিভা জানান, যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং প্রবাসী কিউবানদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়তে কিউবা প্রস্তুত।

এদিকে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ সংকট, খাদ্য ও ওষুধের ঘাটতিতে জনঅসন্তোষ ক্রমেই বাড়ছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর এবং রাতে হাঁড়ি-পাতিল বাজিয়ে ‘স্বাধীনতা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটছে। একটি সহিংস ঘটনায় কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলার পর অন্তত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ে দিয়াজ-কানেল বলেন, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে মানুষের ক্ষোভ তিনি বুঝতে পারেন, তবে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জ্বালানি সংকটের কারণে সরকার পেট্রোল রেশনিং করেছে এবং কিছু হাসপাতালে সেবাও সীমিত করা হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, কিউবার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জন্য ‘হুমকি’ তৈরি হওয়ায় এই অবরোধ আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই কিউবার সঙ্গে একটি চুক্তি হতে পারে, নতুবা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এসআর

ভেনেজুয়েলা থেকে ১৩.৫ কেজি ইউরেনিয়াম নিয়ে গেল ট্রাম্প প্রশাসন

ট্রাম্পের যুগে আমেরিকার ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ

হান্টাভাইরাসে আক্রান্ত জাহাজে থাকা মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে উদ্যোগ

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

হরমুজে ইরানি জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা, ১০ নাবিক আহত

তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে ‘খোঁড়া দৈত্য’ হিসেবে দেখছে বেইজিং

কমছে যুক্তরাষ্ট্রের মজুত, তবুও মধ্যপ্রাচ্যে ১৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি

ইরান যুদ্ধ থামাতে বেঁকে বসলেন ট্রাম্পেরই দলের কংগ্রেস সদস্য

ঋণের পাহাড়ের নিচে চাপা পড়ছে যুক্তরাষ্ট্র

মার্কিন বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি-কুয়েত