গাজায় হামাস অস্ত্র ও সুড়ঙ্গ স্বেচ্ছায় হস্তান্তর না করলে ইসরাইলের আরও সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরাইল ও হামাস সহযোগিতা করলে গাজা পরিস্থিতিতে খুব শিগগিরই উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।
তিনি বলেন, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে হামাস স্বেচ্ছায় তাদের অস্ত্র ও সুড়ঙ্গ হস্তান্তর করলে তা ইসরাইলের জন্য বড় নিরাপত্তা হুমকি দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হবে।
তবে হামাস তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে যুক্তরাষ্ট্র ও অন্যদের কাছে স্পষ্ট হবে যে, তারা শান্তির ব্যাপারে আন্তরিক নয় বলেও মন্তব্য করেন কুশনার। এ ক্ষেত্রে গাজায় সামরিক অভিযান চালানোর জন্য ইসরাইল আরও বেশি আন্তর্জাতিক সমর্থন পেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
হামাস নেতাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে কুশনার বলেন, যুক্তরাষ্ট্র সংগঠনটিকে তাদের আন্তরিকতা প্রমাণের সুযোগ দিতে চায়। তবে তা শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে হবে।