সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলিস্তিনিদের প্রতি ছাড় না দেওয়ার নীতি ইসরাইলের নৈতিক অবস্থানকে দুর্বল করছে বলেও সতর্ক করেছেন তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে দেশটির সরকারের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সামরিক শক্তি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে সাময়িকভাবে নিরাপত্তা নিশ্চিত করা গেলেও তা দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় না। ফিলিস্তিনিদের প্রতি কোনো ছাড় দিতে অস্বীকার করলে ইসরাইল তার নৈতিক অবস্থান হারানোর ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারপ্রাপ্ত লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। ব্রিটিশ সংবাদমাধ্যম বেলফাস্ট টেলিগ্রাফ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, চলমান সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। তার মতে, ঐতিহাসিক ক্ষোভ, কঠোর মনোভাব ও গভীর বিভাজন থেকে সহিংসতার যে চক্র তৈরি হয়েছে, তা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনছে।
ফিলিস্তিনিদের ভূমি হারানোর বিষয়টি অস্বীকার করা যায় না
আলোচনায় ওবামা ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাসের কথা স্বীকার করেন। একই সঙ্গে তিনি বলেন, ভূমি হারানোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরাও অবিচারের শিকার হয়েছেন।
ওবামার ভাষায়, এটি অস্বীকার করার উপায় নেই। এটিও অস্বীকার করা যায় না যে, ইসরাইলিরা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং ইসরাইলিরা বাড়াবাড়ি করেছে। ফলে ওই ফিলিস্তিনের মানুষগুলো স্বাভাবিকভাবেই বলেছে, এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই।
ইসরাইলকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সংঘাতের চক্র ভাঙতে তুলনামূলকভাবে শক্তিশালী পক্ষের দায়িত্ব বেশি। শুধু সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর না করে শান্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সূত্র: আনাদোলু এজেন্সি
এআরবি